নতুন সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রমে কিছু ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হলেও দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে এখনো নেতিবাচক প্রবণতাই বেশি বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির সাম্প্রতিক মূল্যায়নে বলা হয়েছে, যদিও মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রে কিছুটা উন্নতি পরিলক্ষিত হয়েছে, তবে রাজস্ব আদায়, বিনিয়োগ, শিল্প উৎপাদন, কর্মসংস্থান ও জ্বালানি পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখনো কাটেনি।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক মিডিয়া সংলাপে নতুন সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রমের বিশদ পর্যালোচনা তুলে ধরেন সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি উল্লেখ করেন, সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রমে একটি মিশ্র চিত্র পাওয়া গেলেও নেতিবাচক প্রবণতার আধিক্যই বেশি। ড. ভট্টাচার্যের মতে, এসব সমস্যার একটি বড় অংশই কাঠামোগত।
সিপিডির এই মূল্যায়নে মোট ৩৬২টি পর্যবেক্ষণ পর্যালোচনা করা হয়েছে। এতে শাসন ও প্রশাসন, সরকারি অর্থ ব্যবস্থাপনা, শিল্প ও বাণিজ্য, ব্যাংক ও আর্থিক খাত, জ্বালানি ও পরিবহন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষাসহ মোট ৯টি খাতকে বিবেচনায় নেওয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে, শুধু সরকারের ঘোষণার ওপর ভিত্তি করে নয়, বরং বাস্তবে নেওয়া পদক্ষেপগুলোকেই এই মূল্যায়নের আওতায় আনা হয়েছে।

