চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাতে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীনস্থ আমানগন্ডা বিওপির টহলদল এই মাদকবিরোধী অভিযানটি পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার আনুমানিক রাত ৩টার দিকে আমানগন্ডা বিওপির একটি টহলদল দায়িত্ব পালন করছিল। এ সময় সীমান্তের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আদর্শ গ্রাম এলাকায় সন্দেহজনকভাবে পড়ে থাকা বিপুল পরিমাণ গাঁজা দেখতে পান বিজিবি সদস্যরা। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে মোট ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, উদ্ধার করা গাঁজা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম থানায় জমা দেওয়া হবে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।