মহাত্মা গান্ধীর ৬৮৮টি বার্তার সংকলন রেকর্ড ২০ কোটি টাকায় বিক্রি

ভারতের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধীর দৈনিক ভাবনার একটি ঐতিহাসিক সংকলন রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে। গত বুধবার অনুষ্ঠিত স্যাফ্রনআর্টের নিলামে ‘এ থট ফর দ্য ডে’ নামের এই অমূল্য নথিটি ১৬ কোটি ২০ লাখ রুপি বা বাংলাদেশি মুদ্রায় ২০ কোটি টাকারও বেশি মূল্যে বিক্রি হয়। ভারতীয় কোনো ঐতিহাসিক দলিলের নিলামের ইতিহাসে এটি একটি নতুন বিশ্ব রেকর্ড গড়েছে।

এই আর্কাইভে ২৩ মাস জুড়ে লেখা গান্ধীর ৬৮৮টি তারিখযুক্ত ব্যক্তিগত ভাবনা সংরক্ষিত রয়েছে। গান্ধীর নৈতিক চিন্তা, আত্মসংযম এবং তাঁর ব্যক্তিগত জীবনের নানা দিকনির্দেশনার এক ধারাবাহিক চিত্র ফুটে উঠেছে এই সংকলনে। এই লেখাগুলো মূলত তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ও অনুসারী আনন্দ টি. হিঙ্গোরানির জন্য লেখা হয়েছিল। ১৯৩০ সালে গান্ধীর সঙ্গে প্রথম পরিচয় হওয়া হিঙ্গোরানি সাবরমতী আশ্রমে তাঁর সঙ্গে কাজ করার পাশাপাশি ডান্ডি অভিযান, আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলনেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ১৯৯৯ সালে মারা যাওয়া হিঙ্গোরানির পরিবার প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই মূল্যবান ঐতিহাসিক দলিলগুলো পরম যত্নে সংরক্ষণ করে আসছিল।

স্যাফ্রনআর্টের সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মিনাল ভাজিরানি জানান, প্রতিদিন কিছুটা সময় আলাদা করে একটি ব্যক্তিগত ভাবনা লেখার সিদ্ধান্ত নিয়েছিলেন গান্ধী। শুরুতে এটি কেবল ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম হলেও পরে একটি যৌথ প্রকল্পে রূপ নেয়। গান্ধী নিজে প্রতিটি ভাবনা লিখতেন এবং হিঙ্গোরানি তা গ্রহণ, বিন্যাস ও অনুলিপি করার পর প্রকাশের জন্য প্রস্তুত করতেন। হিঙ্গোরানির স্ত্রী বিদ্যার মৃত্যুর পর গান্ধীর সঙ্গে তাঁর এই যোগাযোগের সূত্রপাত হয়েছিল সমবেদনার একটি উদ্যোগ হিসেবে। সে সময় শ্রবণশক্তির সমস্যায় ভুগতে থাকা হিঙ্গোরানি প্রাকৃতিক চিকিৎসা নিচ্ছিলেন এবং গান্ধীর কাছে নিজের একাকিত্ব ও গভীর শোকের কথা প্রকাশ করেছিলেন। মিনাল ভাজিরানি আরও বলেন, সাধারণত মহাত্মা গান্ধীকে তাঁর বড় বড় রাজনৈতিক আন্দোলনের জন্য স্মরণ করা হলেও, এই ঐতিহাসিক নথি প্রমাণ করে যে তিনি ব্যক্তিগত ও দৈনন্দিন সম্পর্কের বিষয়েও সমান যত্নশীল ছিলেন।

এই নিলামটি ছিল ‘গান্ধী: ফ্রম দ্য কালেকশন অব আনন্দ টি. হিঙ্গোরানি’ শীর্ষক ৮৬টি লটের একটি বিশেষ আয়োজনের অংশ। যেখানে গান্ধী ও হিঙ্গোরানির মধ্যকার বন্ধুত্ব, পরামর্শ ও যোগাযোগের নানা নিদর্শন যেমন চিঠি, পাণ্ডুলিপি, ডাকটিকিট ও ঐতিহাসিক স্মারক তুলে ধরা হয়। স্যাফ্রনআর্টের আরেক সহপ্রতিষ্ঠাতা দীনেশ ভাজিরানি বলেন, ‘এ থট ফর দ্য ডে’ সংকলনের প্রতি ক্রেতাদের এই বিপুল আগ্রহ এর ঐতিহাসিক গুরুত্ব ও দুর্লভতাকে আরও একবার স্পষ্ট করেছে। এই ৬৮৮টি ভাবনার মাধ্যমে জানা যায়, গান্ধী প্রকাশ্যে যে নীতিগুলোর প্রচার করতেন, ব্যক্তিগত জীবনেও তিনি ঠিক কতটা নিষ্ঠার সঙ্গে তা মেনে চলতেন।

মূল সংকলনের পাশাপাশি নিলামে আরও কয়েকটি ঐতিহাসিক স্মারক উল্লেখযোগ্য মূল্যে বিক্রি হয়েছে। এর মধ্যে ঈশ্বর ও ভগবদ্গীতা নিয়ে গান্ধীর ভাবনাসংবলিত তিনটি পাণ্ডুলিপি ও চিঠির সংগ্রহ ‘মেসেজ অন গড’ বিক্রি হয়েছে ১ কোটি ৬৮ লাখ রুপিতে। এছাড়া, গান্ধীর ব্যবহৃত একটি পেটি চরকা এবং সুতা কাটার আধ্যাত্মিক চর্চা নিয়ে লেখা দুটি চিঠি ১ কোটি ২ লাখ রুপিতে বিক্রি হয়। পাশাপাশি লেখারত অবস্থায় গান্ধীর একটি স্বাক্ষরিত ছবি বিক্রি হয়েছে ৭৮ লাখ রুপিতে।

নিলামে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নিদর্শন উল্লেখযোগ্য দামে বিক্রি হয়েছে। ‘মেসেজ অন গড’- গান্ধীর ঈশ্বর ও ভগবদ্গীতা নিয়ে ভাবনাসংবলিত তিনটি পাণ্ডুলিপি ও চিঠির সমন্বিত একটি সংগ্রহ বিক্রি হয়েছে ১.৬৮ কোটি রুপিতে।এ ছাড়া গান্ধীর পেটি চরকা এবং চরকা কাটার আধ্যাত্মিক অনুশীলন নিয়ে দুটি চিঠি ১.০২ কোটি রুপিতে এবং গান্ধীর লেখা অবস্থার একটি স্বাক্ষরিত উপহার হিসেবে দেয়া আলোকচিত্র ৭৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে।