বেরোবি উপাচার্যের সঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৈঠক, একগুচ্ছ পরিকল্পনা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়টির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। গত রবিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপাচার্যের দপ্তরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সাবেক শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশাধিকার সহজ করা, সমাবর্তন আয়োজন, ক্যারিয়ার গাইডলাইন প্রদান এবং বৃক্ষরোপণসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিগত ছয় মাসের কার্যক্রমের বিবরণ উপাচার্যের সামনে তুলে ধরা হয়। একই সঙ্গে সংগঠনের আগামী দিনের বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি সম্পর্কেও তাকে অবহিত করা হয়। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর রিডিংরুমে সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে চাকরির প্রস্তুতিমূলক বই ও মৌলিক বিষয়ের প্রয়োজনীয় বই প্রদানের সিদ্ধান্তের কথা জানানো হয়। এছাড়া ক্যাম্পাসের সবুজায়নে ৫০০টি ফলজ ও ঔষধি গাছ রোপণের একটি পরিকল্পনাও তুলে ধরা হয় বৈঠকে।

সাবেক শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াত সহজ করতে একটি বিশেষ ‘অ্যালামনাই আইডি কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে অ্যাসোসিয়েশন। এ বিষয়ে উপাচার্য আশ্বাস দেন যে, কার্ডধারী সাবেক শিক্ষার্থীরা যাতে ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে। পাশাপাশি, সরকারি-বেসরকারি চাকরি এবং বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে আগ্রহীদের দিকনির্দেশনা দিতে বিশেষজ্ঞদের সমন্বয়ে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক সেমিনার আয়োজনের পরিকল্পনাও রয়েছে সংগঠনটির।

আলোচনায় রংপুরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর, অ্যাসোসিয়েশনের দ্রুত নিবন্ধন সম্পন্নকরণ, নিজস্ব অফিস বরাদ্দ এবং বহুল প্রতীক্ষিত কনভোকেশন বা সমাবর্তন আয়োজনের বিষয়গুলোও উঠে আসে। উপাচার্য দ্রুততম সময়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিবন্ধন অনুমোদন, অফিস বরাদ্দ এবং সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে সন্তোষ প্রকাশ করে উপাচার্য বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি।’

এই বৈঠকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি সুলতানুল মোসলেমিন অনিক (লাকিম), সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ, দপ্তর সম্পাদক আসাদ হোসেন, ক্যারিয়ার ও গাইডলাইন সম্পাদক মো. মোহসিন আলী, মানবসম্পদ সম্পাদক আল আমিন হোসেন, ক্রীড়া সম্পাদক সোহেল রানা এবং কার্যনির্বাহী সদস্য মোন সাজ্জাদ হোসেন।