যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে মো. রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ব্রুকলিনের রাউনসভিল এলাকার ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি দোকানে এই গুলির ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী, এক বন্দুকধারী হঠাৎ দোকানে প্রবেশ করে গুলি চালাতে শুরু করে। সেখানে কর্মরত দুই বাংলাদেশি এই হামলায় গুলিবিদ্ধ হন। এদের মধ্যে রাজুর বুকে এবং অপরজনের পায়ে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। আহত অপর বাংলাদেশি চিকিৎসা নেওয়ার পর বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বন্দুকধারীকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কাজ করছে। এদিকে, রাজু হত্যার ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

