চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জোনাল অফিসে আজ সোমবার আমানতকারীরা বিক্ষোভ করেছেন। নিজেদের জমানো টাকা তুলতে না পারাসহ বিভিন্ন ব্যাংকিং জটিলতার অভিযোগ নিয়ে তারা সেখানে জড়ো হন। সম্মিলিত ইসলামিক ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম কমিটির আহ্বানে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভের সময় মো. আলাউদ্দিন নামের এক আমানতকারী আবেগপ্রবণ হয়ে চেয়ারে বসে পড়েন। সংগঠনের অর্থ সম্পাদক আলাউদ্দিন বলেন, ‘আমার মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না।’ তিনি জানান, কয়েক দিন আগে অসুস্থ মাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসতে হয়েছে; কিন্তু ব্যাংকে আমানতের টাকা থাকা সত্ত্বেও প্রয়োজনের সময় তা তুলতে না পারায় তিনি মায়ের চিকিৎসা করাতে পারছেন না। তাঁর মতো এমন আরও অনেক গ্রাহক জরুরি প্রয়োজনে টাকা তুলতে না পেরে সংকটে পড়েছেন বলে অভিযোগ জানান।
কর্মসূচিতে কেরানীহাট, মহেশখালী, পটিয়া ও আনোয়ারাসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০০ থেকে ১৫০ জন আমানতকারী অংশ নেন। সংগঠনের নেতারা জানান, গত ১০ থেকে ১৫ দিন ধরে চট্টগ্রামের বিভিন্ন শাখা পরিদর্শন করে তারা গ্রাহকদের ভোগান্তির চিত্র দেখেছেন। গ্রাহকদের অভিযোগ, বিভিন্ন শাখায় টাকা উত্তোলনসহ ব্যাংকিং সেবা নিতে গিয়ে তারা অসহযোগিতার মুখে পড়ছেন।
বিক্ষোভের এক পর্যায়ে সংগঠনের নেতারা জোনাল অফিস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন। সংগঠনের দাবি অনুযায়ী, আলোচনার পর উপস্থিত প্রায় ৬৬ জন আমানতকারীর সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হয়েছে। এ ছাড়া অন্যান্য জরুরি আবেদন অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
কর্মসূচিতে নেতৃত্ব দেন সম্মিলিত ইসলামিক ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশনের সভাপতি মু. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি শারমিন আক্তার এবং অর্থ সম্পাদক মো. আলাউদ্দিন। সহসভাপতি শারমিন আক্তার বলেন, দীর্ঘদিন ধরে আমানতকারীরা নিজেদের টাকা তুলতে না পেরে চরম ভোগান্তিতে আছেন। তিনি দ্রুত এই সমস্যার সমাধান করে আমানতকারীদের স্বাভাবিক ব্যাংকিং সুবিধা নিশ্চিত করার দাবি জানান।

