ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে হলফনামা দিয়ে ত্যাজ্য করলেন বাবা

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকা এবং তা ছাড়তে রাজি না হওয়ায় নিজের ছেলেকে পারিবারিক ও সামাজিক সম্পর্ক থেকে ত্যাজ্য করার ঘোষণা দিয়েছেন এক বাবা। বরগুনার আমতলী উপজেলায় ঘটা এই ঘটনাটি পুরো এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত রবিবার (২৯ নভেম্বর) আমতলী আদালতে হাজির হয়ে নোটারি পাবলিকের হলফনামা দাখিলের মাধ্যমে ছেলের সঙ্গে সম্পর্কচ্ছেদের এই ঘোষণা দেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, ত্যাজ্য ঘোষিত ছেলের নাম রাহাত মৃধা। তিনি বরগুনার আমতলী উপজেলার উত্তর কালীবাড়ী গ্রামের ইদ্রিস মৃধার ছেলে। দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা রাহাত বর্তমানে আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

আদালতে দাখিল করা ঘোষণাপত্রে ইদ্রিস মৃধা উল্লেখ করেন, ছেলের ক্রমাগত রাজনৈতিক কর্মকাণ্ড ও অবাধ্য আচরণের কারণে তিনি সামাজিক এবং পারিবারিকভাবে চরম বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। উদ্ভূত পরিস্থিতিতে ছেলের সঙ্গে সব ধরণের পারিবারিক ও সামাজিক যোগাযোগ ও সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন তিনি। নিজের অবস্থানের কথা জানিয়ে ইদ্রিস মৃধা বলেন, ‘‘আমার অবাধ্য হওয়ায় তাকে আইনিভাবে পরিবার থেকে ত্যাজ্য করার ঘোষণা দিয়েছি। তার সঙ্গে আমার ও আমার পরিবারের কোনো সম্পর্ক নেই।’’

তবে হলফনামার মাধ্যমে এই সম্পর্কচ্ছেদের আইনগত ভিত্তি নিয়ে স্পষ্ট ধারণা দিয়েছেন বরগুনা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য আবদুর রহমান। তিনি জানান, বাংলাদেশের মুসলিম আইনে হলফনামা দাখিল করে সামাজিকভাবে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেওয়া সম্ভব হলেও এর মাধ্যমে বাবা-ছেলের আইনি সম্পর্ক বিলুপ্ত হয় না। কেবল হলফনামা করে কোনো সন্তানকে বাবার উত্তরাধিকার থেকে বঞ্চিত করার আইনি সুযোগ নেই। বাবার মৃত্যুর সময় তার রেখে যাওয়া সম্পত্তিতে ছেলে মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী নিজের আইনানুগ অংশ পাবেন।