ভোরের আলো ফোটার আগেই ঘুম থেকে ওঠা, দলবেঁধে মসজিদে যাওয়া এবং জামাতে ফজরের নামাজ আদায়ের অভ্যাস গড়ে তুলতে শুরু হওয়া একটি ব্যতিক্রমী ধর্মীয় ও সামাজিক উদ্যোগ এখন বিশ্বজুড়ে আলোচনায়। ‘রিজালুল ফজর’ বা ‘ভোরের সৈনিক’ নামে পরিচিত এই উদ্যোগটি আলজেরিয়ার গণ্ডি পেরিয়ে বিভিন্ন আরব, মুসলিমপ্রধান দেশ ও পশ্চিমা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছে। আরবি ‘রিজালুল ফজর’ শব্দের অর্থ ‘ভোরের পুরুষ’ বা ‘ভোরের সৈনিক’। শিশু ও কিশোরদের ছোটবেলা থেকেই ফজরের নামাজ জামাতে আদায়ের অভ্যাস তৈরি করা, মসজিদের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে তোলা এবং ধর্মীয় অনুশাসনের পাশাপাশি শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা শেখানোই এই কার্যক্রমের মূল লক্ষ্য।
আলজেরিয়ার আইন এল কেবিরা এলাকায় প্রায় চার বছর আগে সেতিফ প্রদেশের কোরআন শিক্ষক ওমর ইসাউই মাত্র পাঁচজন শিক্ষার্থী নিয়ে এই উদ্যোগের সূচনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের দলবেঁধে ফজরের নামাজে যাওয়ার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে এটি ব্যাপক পরিচিতি পায়। উদ্যোগটির বিশেষত্ব হলো, নামাজ শেষে শিশুদের জন্য সকালের নাশতার ব্যবস্থা করা, নিয়মিত উপস্থিত শিশুদের পুরস্কার ও স্বীকৃতি প্রদান এবং অনেক ক্ষেত্রে খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন রাখা। এতে মসজিদে যাওয়া শিশুদের কাছে আনন্দের একটি অভিজ্ঞতায় পরিণত হয়েছে।
আলজেরিয়া থেকে জনপ্রিয়তা পাওয়ার পর উদ্যোগটি ২০টিরও বেশি দেশে বিভিন্ন নামে ছড়িয়ে পড়েছে। জর্ডানে এটি ‘নিশামা আল ফজর’, মরক্কোয় ‘ফুরসান আল ফজর’ এবং মিসরে ‘রিজালাত আল ফজর’ নামে পরিচিত। এছাড়া কুয়েত, কাতার, সিরিয়া, ফিলিস্তিন, ইরাক, বাহরাইন, ইয়েমেন, ওমান, সুদান, লিবিয়া, লেবানন ও তুরস্কসহ বিভিন্ন দেশে এই কর্মসূচি দেখা যাচ্ছে। এমনকি ভারত, যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু মুসলিম সম্প্রদায়ের মধ্যেও এর প্রভাব পড়েছে। কুয়েতের বায়ান এলাকার মোজা মুহাম্মদ সালেম মসজিদে গত শুক্রবার ফজরের নামাজে পাঁচ শতাধিক মুসল্লির অংশগ্রহণ এর জনপ্রিয়তার অন্যতম উদাহরণ।
ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমদ বিন হামাদ আল-খলিলি এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স এই উদ্যোগের প্রশংসা করেছে। তাদের মতে, শৈশব থেকেই মসজিদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠলে শিশুদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও দায়িত্ববোধ বিকশিত হয়। তবে উদ্যোগটির জনপ্রিয়তার পাশাপাশি কিছু বাস্তব বিষয় নিয়েও আলোচনা চলছে। বিশেষ করে ভোরের অন্ধকারে শিশুদের যাতায়াতের নিরাপত্তা, পর্যাপ্ত ঘুম এবং পড়াশোনায় এর প্রভাব নিয়ে সমালোচকদের উদ্বেগ রয়েছে। সমর্থকরা বলছেন, শিশুদের জোর করে নয়, বরং ভালোবাসা ও উৎসাহের মাধ্যমে মসজিদমুখী করতে হবে এবং তাদের স্বাভাবিক শৈশব ও বিশ্রামের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

