বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শারদীয় দুর্গাপূজা কেবল একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উৎসব নয়, বরং এর বার্তা সর্বজনীন। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে দুর্গাপূজা পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মের ভক্ত ও দর্শনার্থীদের উদ্দেশ্যে বলেন, অসত্য ও অশুভ শক্তিকে বিনাশ করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করাই এই পূজার মূল মর্মবাণী। এই বার্তা কেবল হিন্দু সম্প্রদায়ের জন্য নয়, বরং তা মানবজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উৎসবের গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, উৎসব মানুষকে সব ধরনের সীমারেখা অতিক্রম করতে শেখায় এবং ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। এই সর্বজনীন আহ্বানে অন্যান্য ধর্মের মানুষও আনন্দ খুঁজে পান। তিনি আরও বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা। এবারের দুর্গাপূজা যেন নির্বিঘ্নে ও নিরাপত্তার সাথে পালিত হয়, তা নিশ্চিত করতে রাষ্ট্র তার দায়িত্ব পালন করছে।
সরকারের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের জন্য বাড়তি সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে দুই দিনের ছুটির আবেদন করা হলেও সরকার তা বাড়িয়ে তিন দিন করেছে, ফলে এবার মোট পাঁচ দিন ছুটি উপভোগ করা যাচ্ছে। এছাড়া পূজামণ্ডপ ও মন্দিরগুলোর জন্য বরাদ্দকৃত চালের পরিমাণও বাড়ানো হয়েছে। তিনি জানান, প্রতিটি মন্দিরের পুরোহিত ও সেবায়েতদের মাসিক সম্মানী দেওয়ার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ করছে সরকার।
বাংলাদেশের অসাম্প্রদায়িক ঐতিহ্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, হাজার বছর ধরে আমরা একে অপরের উৎসবে অংশগ্রহণ করে আসছি। এই সুমহান ঐতিহ্য বিনষ্ট করতে কেউ কেউ ষড়যন্ত্র করতে পারে, কিন্তু এ দেশের ধর্মপ্রাণ মানুষ তা কখনোই সফল হতে দেবে না। তিনি আরও বলেন, তারেক রহমান নিশ্চিত করেছেন যেন প্রতিটি নাগরিক তাদের নিজ নিজ ধর্মীয় অধিকার নির্বিঘ্নে পালন করতে পারেন। পূজা বা ধর্মবিশ্বাস যার যার ব্যক্তিগত বিষয় হলেও, রাষ্ট্রের দায়িত্ব হলো সবার অধিকার রক্ষা করা।
তিনি আরও বলেন, এবারের হিন্দু সম্প্রদায়ের ভাইদের কাছ থেকে দুই দিনের ছুটির আবেদন করা হলেও সরকার এটিকে ৩ দিন করেছে। হিন্দু ভাইয়েরা এবার মোট ৫ দিন ছুটি উপভোগ করতে পারছেন। এছাড়া বিভিন্ন পূজামণ্ডপ মন্দিরে জন্য ৫ শত কেজি চাল বরাদ্দ থাকলেও সরকার এবার ৬ শত কেজি চাল বরাদ্দ দিয়েছে।

