মুলাদীতে সরকারি অনুদান তালিকা নিয়ে ইমামকে হাতুড়িপেটা

বরিশালের মুলাদী উপজেলায় সরকারি অনুদানের মুয়াজ্জিন তালিকায় নাম অন্তর্ভুক্ত না করার জেরে এক মসজিদের ইমামকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ইমামের নাম মুফতি মাহফুজুর রহমান (২৯), যিনি কাজিরচর ইউনিয়নের বড়ইয়া গ্রামের মোশাররফ হোসেন রাড়ীর ছেলে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিক্রীরচর গ্রামের প্যাদারহাট সিকদারবাড়ি বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন ডিক্রীরচর গ্রামের মৃত আব্দুল খালেক সিকদারের ছেলে মিজান সিকদার (৪৫) এবং তার ছেলে রাকিব সিকদার (১৮)। মসজিদ কমিটি ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের তালিকা আহ্বান করা হয়েছিল। সেই লক্ষ্যে প্যাদারহাট সিকদারবাড়ি বাইতুল ইজ্জত জামে মসজিদের ইমাম মাহফুজুর রহমান নূরে আলম সিকদার নামে এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তির নাম মুয়াজ্জিন হিসেবে তালিকায় পাঠান। বিষয়টি নিয়ে রাকিব সিকদার ও তার বাবা মিজান সিকদার ক্ষিপ্ত হন, কারণ তারা নিজেরা ওই পদে তালিকাভুক্ত হতে আগ্রহী ছিলেন। এর জেরে মঙ্গলবার সন্ধ্যায় ইমামের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়।

প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান, বুধবার ভোরে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পরপরই মিজান সিকদার ও তার ছেলে রাকিব সিকদার ইমাম মাহফুজুর রহমানের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তারা হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করেন। পরে আশপাশের মুসল্লিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

আহত ইমাম মুফতি মাহফুজুর রহমান জানান, মসজিদে নির্দিষ্ট কোনো বেতনভুক্ত মুয়াজ্জিন নেই এবং নূরে আলম সিকদার ও রাকিব সিকদার উভয়েই আজান দেন। তবে বয়োজ্যেষ্ঠ হওয়ায় মসজিদ কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী নূরে আলম সিকদারের নামই তালিকায় পাঠানো হয়েছিল। এ ঘটনায় বুধবার বিকেলে আহত ইমামের বাবা মোশাররফ হোসেন রাড়ী বাদী হয়ে মিজান সিকদার ও রাকিব সিকদারকে আসামি করে মুলাদী থানায় মামলা দায়ের করেছেন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার সোহেল রানা জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।