রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে বিএনপি এখনো কাউকে চূড়ান্ত করেনি বলে জানিয়েছেন সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, বিএনপির দলীয় প্রার্থী আমরা এখনো ফাইনাল করিনি। প্রধানমন্ত্রী এ বিষয়ে ঘোষণা দেবেন। আমাদের দল থেকে তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন।
চিফ হুইপ আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া, বাছাই করা এবং তা প্রত্যাহারের তারিখ ১৮ আগস্ট নির্ধারণ করা হয়েছে। এরপর নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
ভোটের প্রক্রিয়া সম্পর্কে নুরুল ইসলাম মনি বলেন, ভোট হবে সংসদের ভেতরে এবং বুথও থাকবে সংসদের ভেতরেই। সংসদ সদস্যরা তাদের নম্বর অনুযায়ী সেখানে ভোট দেবেন। যদি দেখা যায় আমাদের এক ঘণ্টার মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন হয়ে গেছে, তবে আমরা এক ঘণ্টা পরেই ফলাফলের জন্য প্রস্তুতি নেব। আর যদি দেখা যায় একটি ভোটও বাকি আছে, তবে তার জন্য আমাদের বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

