দুবাইয়ে আয়োজিত হতে যাওয়া আন্তর্জাতিক সম্মেলন ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭’-এ অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। রোববার (২৯ নভেম্বর) ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ আগামী ২০২৭ সালের ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় এই বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর আগ্রহ প্রকাশ করেছেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণের সার্বিক সমৃদ্ধি ও সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছেন। আমিরাতের এই নেতা আশা প্রকাশ করেছেন যে, মানবজাতির জন্য একটি উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী দুবাইয়ে আসবেন।
‘শেপিং ফিউচার গভর্নমেন্টস’ বা ভবিষ্যতের সরকার গঠন প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই তিন দিনব্যাপী সম্মেলনে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন। এই বার্ষিক আয়োজনটি অংশগ্রহণকারী দেশগুলোর জন্য নীতিগত উদ্ভাবন ও অভিজ্ঞতা বিনিময়ের একটি বড় ক্ষেত্র হিসেবে কাজ করে। এছাড়া জটিল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার সুযোগও তৈরি হয় এই প্ল্যাটফর্মে।
আমিরাত দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সম্মেলনে ৬০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, ৫০০ জনের বেশি মন্ত্রী এবং ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। এছাড়া নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও চিন্তাবিদসহ মোট ৬ হাজারেরও বেশি প্রতিনিধি ওই সম্মেলনে যোগ দিয়েছিলেন। ভবিষ্যতের শাসনব্যবস্থা নিয়ে সংলাপ উৎসাহিত করা এবং টেকসই অগ্রগতির জন্য কৌশল নির্ধারণ করাই এই সম্মেলনের মূল লক্ষ্য।

