নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় সামলাতে এমনিতেই হিমশিম খাচ্ছেন ঢাকার মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো। এর মধ্যেই নতুন বছরকে সামনে রেখে বাড়িওয়ালাদের এক টুকরো কাগজের নোটিশ নগরবাসীর জীবনে নতুন দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। রাজধানীর অলিগলিতে এখন একটাই আলোচনা—আগামী জানুয়ারি থেকে বাড়ছে বাসাভাড়া। এলাকাভেদে ১ হাজার থেকে ৫ হাজার টাকা কিংবা গড়ে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন বাড়িওয়ালারা। নির্ধারিত ভাড়ায় থাকতে রাজি না হলে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বাসা খালি করার কঠোর নির্দেশও দেওয়া হচ্ছে।
মিরপুর-১০ নম্বর সেকশনের বেনারশী পল্লীর ‘এ’ ব্লকের ৪ নম্বর লেনের ১৭/১৯ নম্বর বাড়ির ভাড়াটিয়াদের হাতে সম্প্রতি বাড়িওয়ালার নোটিশ পৌঁছেছে। নোটিশে উল্লেখ করা হয়, পানির বিল, হোল্ডিং ট্যাক্স, রক্ষণাবেক্ষণ খরচ ও সার্বিক মূল্যস্ফীতি বিবেচনায় আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে প্রতি ফ্ল্যাটের মাসিক ভাড়া ৫ হাজার টাকা বাড়ানো হলো। এতে অনীহা থাকলে চলতি অক্টোবর মাসের মধ্যে জানিয়ে ডিসেম্বর মাসের ভাড়া পরিশোধ করে ৩১ ডিসেম্বরের মধ্যে বাসা ছাড়তে হবে। একইভাবে ৩ হাজার টাকা ভাড়া বাড়ানোর নোটিশ পেয়েছেন মোহাম্মদপুরের বাসিন্দা ও একটি বেসরকারি বিপণন প্রতিষ্ঠানের কর্মী রফিকুল ইসলাম। গত দুই বছর ধরে ৪০ হাজার টাকা বেতনে আটকে থাকা রফিকুল জানান, এক বছরে চালের দাম কেজিতে ১৫ টাকা এবং সন্তানের স্কুলের বেতন ১৫০০ টাকা বেড়েছে। সরকারি চাকরিজীবীদের পে-স্কেল বৃদ্ধির গুঞ্জনে বাজার ও বাড়িওয়ালারা ভাড়া বাড়ালেও তাদের আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মিলছে না।
নতুন বছরে শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানানোর কথা থাকলেও ঢাকাবাসীর জন্য জানুয়ারির সূচনা যেন বাড়তি অর্থনৈতিক চাপের নাম। নতুন বাসা নিতে গেলে দিতে হয় দুই থেকে তিন মাসের অগ্রিম টাকা, সঙ্গে চলতি মাসের ভাড়া—যা সামলাতে অনেকে সঞ্চয় ভাঙছেন কিংবা ঋণ নিচ্ছেন। মিরপুর থেকে যাত্রাবাড়ী, উত্তরা, লালবাগ, বাড্ডা কিংবা ধানমন্ডি—সবখানেই চলছে একই চিত্র। মালিবাগের বাসিন্দা ও স্কুল শিক্ষিকা নাহিদা আক্তার জানান, স্বামী ও তিনি দুজনই বেসরকারি চাকরি করেন। গত ঈদে স্বামী অর্ধেক বোনাস পেয়েছেন, আর এখন বাসাভাড়া ৫ হাজার টাকা বাড়লে মেয়ের প্রাইভেট শিক্ষক বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। অন্যদিকে যাত্রাবাড়ীতে ১৫ বছর ধরে থাকা ৬৫ বছর বয়সী শেখ ফরিদ আক্ষেপ করে বলেন, ১৪ হাজার টাকার বাসা হঠাৎ ১৮ হাজার টাকা করা হয়েছে; এই বয়সে নতুন বাসা খোঁজা বা ট্রাকভাড়া জোগাড় করা তার পক্ষে অসম্ভব।
সবচেয়ে বেশি কষ্টে পড়ছেন নারী চাকরিজীবী ও মেসের শিক্ষার্থীরা। বাড্ডায় সাবলেটে থাকা সুমি আক্তার জানান, নিরাপত্তার খাতিরে নারী ভাড়াটিয়ারা ১-২ হাজার টাকা বেশি দিতে রাজি থাকেন, আর মালিকরা এই দুর্বলতার সুযোগ নেন। মেসের শিক্ষার্থীদের ক্ষেত্রেও প্রতিটি রুমে অতিরিক্ত এক হাজার টাকা করে বৃদ্ধির নোটিশ ঝুলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম জেরিন ও রিয়াদুল ইসলাম জানান, বিদ্যুৎ ও পানি বিলের অজুহাতে রুমের ভাড়া বাড়ানোয় তাদের পড়াশোনার খরচ ও জীবনযাপন কঠিন হয়ে দাঁড়িয়েছে। মেস সংঘের মহাসচিব আয়াতুল্লাহ আখতার এ বিষয়ে বলেন, বাসার মালিকদের এ ধরনের অন্যায্য ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে মানববন্ধন করেও কোনো সুফল মেলেনি, এখন আইনি কঠোর প্রয়োগ প্রয়োজন।
মেট্রোরেলের যাতায়াত সুবিধার কারণে মিরপুর থেকে মতিঝিল, পল্টন, শাহবাগ ও কারওয়ান বাজার সংলগ্ন এলাকায় ভাড়াটিয়াদের চাপ বেড়েছে কয়েক গুণ। স্থানীয়রা জানান, আগে যে বাসা ১১ থেকে ১২ হাজার টাকায় ভাড়া পাওয়া যেত, মেট্রোরেল চালুর পর সেটি এখন ১৫ থেকে ১৮ হাজার টাকায় ঠেকেছে। বেসরকারি চাকরিজীবী ইউসুফ আলীর মতে, বছরের শুরুতে সন্তানের ভর্তি, বই-খাতা এবং ইউনিফর্ম কেনার খরচের সঙ্গে এই বাড়তি ভাড়া তাদের কাছে উৎসবের বদলে চরম দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। ফলে বাধ্য হয়ে অনেকে ছোট ফ্ল্যাটে সাবলেটে উঠছেন বা পরিবার গ্রামে পাঠিয়ে দিচ্ছেন। কারওয়ান বাজারের সবজি ব্যবসায়ী শফিউল্লাহ জানান, পরিবার গ্রামে পাঠালেও শহরের সাবলেটে বাড়তি নিরাপত্তা ও ইউটিলিটি বিলের মানসিক চাপ কমেনি।
এলাকাভেদে ভাড়ার পার্থক্যও স্পষ্ট। আজিমপুরে ভিকারুননিসা নূন স্কুল, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজের কাছে হওয়ায় বাসাভাড়া বেশ চড়া, অথচ কিছুটা দূরে মানিকনগর, বাসাবো বা খিলগাঁওয়ে ভাড়া তুলনামূলক কম হলেও সেখানেও প্রতিবছর নিয়মিত হারে ভাড়া বাড়ানো হয়। এমনকি অভিজাত এলাকা গুলশান ও বনানীতেও সার্ভিস চার্জের দোহাই দিয়ে আবাসন খরচ কমানো অসম্ভব করে তোলা হয়েছে। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) এক গবেষণায় দেখা গেছে, ঢাকায় মানসম্মত আবাসনের জন্য প্রতি মাসে অন্তত ৫০ হাজার টাকা আয় প্রয়োজন, আর ১ লাখ টাকার কম আয়ে ভালো মানের ফ্ল্যাট পাওয়া প্রায় অসম্ভব। ২০ হাজার টাকা আয়ের মানুষ বাধ্য হয়ে ঝুপড়ি ঘরে বসবাস করছেন।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৫ বছরে ঢাকায় বাসাভাড়া বেড়েছে প্রায় ৪০০ শতাংশ, যা নিত্যপণ্যের দাম বৃদ্ধির হারের প্রায় দ্বিগুণ। ক্যাবের গবেষণায় দেখা গেছে, ঢাকার ৫৭ শতাংশ ভাড়াটিয়া তাদের মোট আয়ের প্রায় অর্ধেক এবং ১২ শতাংশ ভাড়াটিয়া আয়ের ৭৫ শতাংশের কাছাকাছি ব্যয় করেন কেবল বাসাভাড়ার পেছনে। ক্যাব সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান দৈনিক এদিনকে বলেন, ঢাকায় চাহিদার তুলনায় বাসা কম থাকায় ভাড়া বেশি। বাড়িওয়ালাদের ভাড়া বৃদ্ধির দাবিটি কতটুকু যৌক্তিক, তা যাচাইয়ের কোনো ব্যবস্থা এখনো নেই। তাই বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনের কার্যকর বিধিমালা করা জরুরি।
সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, ২০২২ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত চার বছরে দেশে গড় বাসাভাড়া বেড়েছে ২৭ শতাংশ। ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে দেশের গড় ভাড়া ৫.২৫ শতাংশ এবং ঢাকা বিভাগে প্রায় ৫.৪৮ শতাংশ বেড়েছে। বর্তমানে ঢাকায় তিন রুমের একটি ফ্ল্যাট ভাড়া নিতে ১৮ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত লাগে, যার সঙ্গে যোগ হয় ৩ হাজার থেকে ৭ হাজার টাকার বাড়তি সার্ভিস চার্জ। তবে বাড়িওয়ালারাও তাদের নিজস্ব খরচের কথা তুলে ধরেছেন। ধানমন্ডির একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ও বাড়িওয়ালা জানান, ঘর রং করা, পানির পাম্প সার্ভিসিং ও লিফট মেনটেইনেন্সের খরচ দ্বিগুণ বেড়েছে। মোহাম্মদপুর নুরজাহান রোডের বাড়িওয়ালা আমিন মোহাম্মদের দাবি, এটি বাজার অর্থনীতির বিষয়; সবকিছুর দাম বাড়লে এবং বাজারে ভাড়াটিয়ার প্রচুর চাহিদা থাকলে বাসাভাড়া বাড়ানো স্বাভাবিক।
আইন বিশেষজ্ঞরা মনে করছেন, সুষ্ঠু নীতিমালার অভাবেই বাড়িওয়ালারা ইচ্ছেমতো ভাড়া বাড়ানোর সুযোগ পাচ্ছেন। বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন-১৯৯১ অনুযায়ী, বড় ধরনের সংস্কার কাজ ছাড়া দুই বছরের মধ্যে কোনোভাবেই ভাড়া বাড়ানো যায় না এবং অযৌক্তিক ভাড়া আইনিভাবে আদায়যোগ্য নয়। আইনজীবী সুলতান মাহমুদ বলেন, লিখিত চুক্তি না থাকায় ভাড়াটিয়ারা আইনি পদক্ষেপ নিতে ভয় পান। ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতান জানান, মালিকরা সরকারের কোনো নিয়মকানুন মানছেন না। নগরবাসীকে বাসাভাড়ার এই নৈরাজ্য থেকে বাঁচাতে সরকারের এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার।

