শিবিরের ম্যারাথনে অংশগ্রহণকারীদের ৯০ শতাংশই লীগের অনুসারী ছিল: রাশেদ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুক্রবার ইসলামী ছাত্রশিবির ‘লীগ ধর’ নামে একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করে। এই কর্মসূচিতে যারা অংশ নিয়েছেন, তাদের ৯০ শতাংশ অতীতে আওয়ামী লীগের পেছনেই দৌড়ঝাঁপ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন। নিজের ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি এই কঠোর সমালোচনা করেন।

রাশেদ খাঁন তার পোস্টে লিখেছেন, ‘আজকে ঢাবিতে শিবির যে ‘লীগ ধর’ নামে ম্যারাথন দৌড় দিয়ে প্রতীকী লীগ পেটাল, ঠিক বিগত ১৬ বছর ছাত্রলীগের মধ্যে গুপ্ত না থেকে সত্যিই যদি লীগকে পেটাত, তবে ছাত্রলীগ দানব হয়ে উঠতে পারত না, শেখ হাসিনাও এতদিন ক্ষমতায় থাকতে পারত না।’

তিনি আরও উল্লেখ করেন যে, শিবিরের এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণকারীদের মধ্যে ৯০ শতাংশই অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। রাশেদ খাঁনের মতে, জামায়াত-শিবিরের এই ধরনের গুপ্ত কৌশলের কারণেই ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছে। তিনি আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যদি লীগের পতন না হতো, তবে শিবির তাদের কৌশলের অংশ হিসেবে ছাত্রলীগেই থেকে যেত এবং আজকের ম্যারাথনে থাকা অনেককেই লীগের বড় বড় পদে দেখা যেত।