চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের চারটি পেট্রোল বোমা নিক্ষেপ

চুয়াডাঙ্গা সদর উপজেলা শহরসংলগ্ন জাফরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) রাত ২টা ৪৫ মিনিটের দিকে এই নাশকতার ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত জাফরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের সামনে এসে থামে। এরপর তারা পরপর চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিক্ষেপ করা বোমাগুলোর মধ্যে একটি ব্যাংকের প্রধান ফটকের সামনে পড়ে বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়। তবে এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাকি তিনটি বোমা বিস্ফোরিত হয়নি।

পদ্মবিলা ব্যাংক শাখার ব্যবস্থাপক জানান, ঘটনার সময় ব্যাংকের নিরাপত্তাকর্মী মুঠোফোনে তাকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে তিনি দ্রুত চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং রাতেই থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।