ঢাকা মেট্রোরেলের উত্তরা থেকে মতিঝিল অংশের স্টেশনগুলোতে টিকিট বিক্রির স্বয়ংক্রিয় যন্ত্রে (ভেন্ডিং মেশিন) ভাংতি টাকার সংকটে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। ১৬টি স্টেশনের এক পাশের মোট ৪১টি যন্ত্র পর্যবেক্ষণ করে দেখা গেছে, মাত্র ১৭টিতে ভাংতি ছিল। বাকি ১৫টি মেশিনে কোনো ভাংতি ছিল না এবং ৯টি মেশিন পুরোপুরি অচল বা বন্ধ পাওয়া যায়। ফলে ভেন্ডিং মেশিন থেকে একক যাত্রার টিকিট কাটতে না পেরে কাউন্টারের দীর্ঘ লাইনে গিয়ে দাঁড়াতে বাধ্য হচ্ছেন যাত্রীরা।
সম্প্রতি বুধবার বিকেলে মিরপুর ১১ নম্বর মেট্রোরেল স্টেশনে তেমনই এক ভোগান্তির চিত্র দেখা যায়। বিকেল সাড়ে চারটায় দুই টিকিটের জন্য এক নারী ১০০ টাকার নোট দিলে মেশিন টিকিট না দিয়ে ‘ভাংতি নেই’ লেখা প্রদর্শন করে টাকা ফেরত দেয়। পেছনে আট থেকে ১০ জন যাত্রী লাইনে অপেক্ষায় থাকায় ওই নারীর সঙ্গে থাকা এক মধ্যবয়সী ব্যক্তি (যার এক হাত ব্যান্ডেজ ও অন্য হাতে ভারী ব্যাগ ছিল) দ্রুত ভাংতি সংগ্রহ করতে নিচে নেমে যান। কিন্তু পেছনের যাত্রীদের ক্রমাগত তাগাদায় ওই নারী টিকিট না কেটেই সরে যেতে বাধ্য হন। মিস ময়না নামের ওই যাত্রী জানান, ভেন্ডিং মেশিনে প্রায় সময়ই ভাংতি পাওয়া যায় না।
সরেজমিনে বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বিভিন্ন স্টেশনে ঘুরে ভাংতি ও যন্ত্র অচল থাকার চিত্র দেখা গেছে। ফার্মগেট স্টেশনে বিকেল সাড়ে পাঁচটায় টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন দেখে অনেকে ভেন্ডিং মেশিনে যান। সেখানে তিনটি মেশিনের একটি ছিল বন্ধ, আর ভাংতি সমস্যার কারণে অন্যটির কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে যাত্রীরা বিপাকে পড়েন। এমনকি মেশিনের জরুরি বোতাম টিপে দুই-তিন মিনিট অপেক্ষা করলেও কোনো কর্মী আসেননি। অন্যদিকে বিজয় সরণি স্টেশনের এক পাশের দুটি ভেন্ডিং মেশিনই অচল ছিল, যার একটি কালো কাগজ দিয়ে ঢেকে রাখা হয়। এ বিষয়ে নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হলেও সন্ধ্যা ৫টা ২০ মিনিটে নিয়ন্ত্রণকক্ষে কাউকেই পাওয়া যায়নি। উত্তরা দক্ষিণ স্টেশনের সচল মেশিনটিতেও ভাংতি ছিল না। শিশির ভৌমিক নামের এক যাত্রী জানান, সকালে মতিঝিল স্টেশনে চেষ্টা করেও কোনো মেশিনে ভাংতি পাননি এবং জরুরি বোতাম চাপলেও কর্মীরা সময়মতো উপস্থিত হন না।
ম্যানুয়াল কাউন্টারে লাইনে দাঁড়ানো যাত্রী সাইফুল আলম অভিযোগ করেন, মেশিনে ১০০ টাকার নোট দিলে ৫০-৬০ টাকা ভাংতিও ফেরত মেলে না। দীর্ঘদিনের এই সংকটের কারণে সময়মতো ট্রেনে উঠতে না পেরে কর্মস্থলে পৌঁছাতে দেরি হয়ে যায়। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সূত্র জানায়, ভেন্ডিং মেশিনে ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নোটের জন্য আলাদা ট্রে থাকে। ২০ টাকার টিকিটের জন্য ২০০ টাকার নোট দিলে ১৮০ টাকা একাধিক নোটে ভাংতি দিতে হয়। যাত্রীরা ভাড়ার কাছাকাছি বড় নোট দিলে কম ভাংতি খরচ হয় এবং টানা সেবা দেওয়া সহজ হয়।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম জানান, মেশিনের ভেতর অতিরিক্ত ভাংতি রাখার ব্যবস্থা না থাকায় এমন সংকট হচ্ছে। তবে খালি হওয়ার পরপরই ভাংতির ট্রে পূর্ণ করার চেষ্টা চলছে এবং অচল মেশিনগুলো দ্রুত মেরামত করা হচ্ছে। কাউন্টার ও ভেন্ডিং মেশিনের চাপ কমাতে অনলাইন টিকিট ব্যবস্থা আরও সহজ করার কাজ চলছে। মিরপুর ১১ মেট্রোস্টেশনের কর্মকর্তা মহিউদ্দিন মিরাজ জানান, এ বিষয়ে মন্ত্রণালয়ে একাধিক বৈঠক হয়েছে, তবে এত যাত্রীচাপের মধ্যে সীমিত ধারণক্ষমতার মেশিনে ভাংতি নিশ্চিত করা কঠিন। তবে জরুরি বোতাম চাপলে কর্মীরা এক-দুই মিনিটের মধ্যেই পৌঁছান বলে দাবি করেন তিনি।

