চুক্তি ছাড়াই শেষ হওয়ার ঝুঁকিতে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন

জীবাশ্ম জ্বালানির ব্যবহার সীমিত করার বিষয়ে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেওয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কোনো কার্যকর চুক্তি ছাড়াই সমাপ্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। শুক্রবার সম্মেলনের নির্ধারিত শেষ পর্যায়ের আলোচনা শুরু হলেও, প্রস্তাবিত চুক্তির খসড়ায় জলবায়ু উষ্ণায়নের জন্য দায়ী তেল, গ্যাস ও কয়লার ব্যবহার হ্রাসের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ না থাকায় দেশগুলোর মধ্যকার বিরোধ আরও ঘনীভূত হয়েছে। এর ফলে নির্ধারিত সময়ের পরও আলোচনা চলতে পারে এবং তা সপ্তাহান্ত পর্যন্ত গড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর আনতালিয়াতে আয়োজিত এই সম্মেলনে প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা নিজেদের মধ্যকার মতপার্থক্য নিরসনে শেষ মুহূর্তের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশ্বজুড়ে ইউরোপের তীব্র তাপপ্রবাহ, নেপালের ভয়াবহ বন্যা এবং এল নিনোর প্রভাবে সৃষ্ট নতুন নতুন প্রাকৃতিক বিপর্যয় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিকে আরও স্পষ্ট করে তুলেছে। এছাড়া ইরানের যুদ্ধ এবং তেলের দামের আকস্মিক উল্লম্ফন দেশগুলোর জ্বালানি নিরাপত্তা ও জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ ব্যবহার নিয়ে উদ্বেগকে আরও জটিল করে তুলেছে।

চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত চুক্তির প্রাথমিক খসড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধাপে ধাপে বন্ধ করার উদ্যোগ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার কপ৩১-এর সহ-আয়োজক অস্ট্রেলিয়ার পক্ষ থেকে প্রকাশিত নতুন খসড়ায় তেল, গ্যাস ও কয়লার বিষয়ে কোনো উল্লেখ রাখা হয়নি। ফ্রান্সের পরিবেশগত রূপান্তরবিষয়ক মন্ত্রী মনিক বারবু এই বিষয়টিকে খসড়া চুক্তির জন্য ‘একটি কালো দাগ’ বলে মন্তব্য করেছেন। এদিকে কপ৩১-এর আলোচনা পরিচালনার দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ার জলবায়ুমন্ত্রী ক্রিস বোয়েন সাংবাদিকদের জানিয়েছেন, ঐকমত্যের বিষয়টি পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত তারা আলোচনা ও দর-কষাকষি চালিয়ে যাবেন।

ইউনিয়ন অব কনসার্নড সায়েন্টিস্টসের জলবায়ু কর্মসূচির পরিচালক র‌্যাচেল ক্লিটাস জীবাশ্ম জ্বালানির স্বার্থান্বেষী দেশগুলোকে এই প্রক্রিয়ায় বাধা সৃষ্টির জন্য দায়ী করেছেন। অন্যদিকে, সম্মেলনের আয়োজক দেশ তুরস্ক ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট চূড়ান্ত জ্বালানি চাহিদার অন্তত ৩৫ শতাংশ বিদ্যুৎ থেকে পূরণের একটি স্বেচ্ছামূলক অঙ্গীকারে দেশগুলোকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে। তবে কয়েকটি দেশ উদ্বেগ জানিয়েছে যে, খসড়ায় অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের উৎস অবশ্যই পরিচ্ছন্ন জ্বালানি হতে হবে—এমন কোনো স্পষ্ট শর্ত নেই, ফলে কয়লা বা গ্যাস পুড়িয়েও এই বিদ্যুৎ উৎপাদন করা হতে পারে। ফ্রান্সের মন্ত্রী মনিক বারবু জানিয়েছেন, তারা পরিচ্ছন্ন বিদ্যুতায়নের পক্ষে লড়াই চালিয়ে যাবেন।

এছাড়া কার্বন ধারণ, ব্যবহার ও সংরক্ষণ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানানো নিয়েও কয়েকটি দেশ আপত্তি তুলেছে। সমালোচকদের মতে, এই প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল এবং দূষণ কমানোর মূল উদ্যোগ থেকে মনোযোগ সরিয়ে দিতে পারে। ভানুয়াতুর জলবায়ুমন্ত্রী রালফ রেগেনভানু এএফপিকে জানিয়েছেন, সর্বশেষ খসড়া চুক্তিতে এই প্রযুক্তিকে এমনভাবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা পাওয়ার যোগ্য নয়। পাশাপাশি, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি)-এর পরবর্তী মূল্যায়ন প্রতিবেদন প্রকাশের সময় নিয়েও দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য মতপার্থক্য তৈরি হয়েছে।