নিরাপত্তাজনিত কারণে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস বাতিল

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহিংসতার ঘটনা ও উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে খুলনা-ঢাকা রুটে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। শুক্রবার সকাল ৬টায় ট্রেনটি খুলনা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু নিরাপত্তার খাতিরে তা স্থগিত রাখা হয়েছে।

খুলনা স্টেশন মাস্টার মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপালগঞ্জে সংসদ সদস্যের বাড়ি ও থানায় অগ্নিসংযোগসহ বিভিন্ন কার্যক্রমের প্রতিবাদে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের মহড়া এবং হুমকির কারণে জেলাটিতে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে গোপালগঞ্জ হয়ে ঢাকা ও খুলনামুখী সব ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে।

রেল কর্তৃপক্ষ বাতিল হওয়া ট্রেনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। যারা অনলাইনে টিকিট সংগ্রহ করেছিলেন, তাদের অনলাইনে লগইন করে এবং অফলাইনে কাউন্টার থেকে টিকিট কেনা যাত্রীদের সংশ্লিষ্ট কাউন্টারে টিকিট জমা দিয়ে সম্পূর্ণ টাকা ফেরত নিতে বলা হয়েছে। স্টেশন মাস্টার আরও জানান, এ বিষয়ে যাত্রীদের ব্যবহৃত মোবাইল নম্বরে প্রয়োজনীয় বার্তা পাঠানো হয়েছে।