মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় কয়েক বিলিয়ন ডলার ক্ষতি

মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ২৬টি সামরিক ঘাঁটি এবং বিভিন্ন স্থাপনায় ইরান ও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ধারাবাহিক হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য উঠে এসেছে। চলতি বছরের আগস্ট পর্যন্ত এসব স্থাপনায় ১১৫টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে বলে মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক বিশ্লেষণে জানানো হয়েছে।

গত ৩১ অক্টোবর প্রকাশিত এই বিশ্লেষণে কৃত্রিম উপগ্রহের ছবি ব্যবহার করে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়। এতে দেখা যায়, মধ্যপ্রাচ্যের ২৪টিরও বেশি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল আগাম সতর্কতাব্যবস্থা। এরপরই সামরিক বিমান ও বিভিন্ন ভবনকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ৩০ বার হামলা হয়েছে। এসব ঘটনায় ঘাঁটির অন্তত ১৫টি বিমান রাখার হ্যাঙ্গার, বেশ কিছু গুদাম এবং আবাসিক এলাকার কাছাকাছি ১০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

এপির বিশ্লেষণ অনুযায়ী, ইরানের এসব হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের কয়েক বিলিয়ন ডলারের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার ধরন পর্যালোচনায় দেখা গেছে, ইরান অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রথমে মার্কিন ঘাঁটিগুলোর আগাম সতর্কতাব্যবস্থা অকেজো করার চেষ্টা করেছে, যার পরেই বিমান ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোয় আঘাত হানা হয়েছে।