শাহজালালে নাশকতার ছক, থার্ড টার্মিনাল ও হ্যাঙ্গার গেটে নিরাপত্তা জোরদার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ৮ নম্বর হ্যাঙ্গার গেট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে—গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতাবস্থা জারি করা হয়েছে। নাশকতার এই আশঙ্কা থেকে দুটি গুরুত্বপূর্ণ স্থাপনাতেই নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকধারী ও সাদাপোশাকের সদস্যরা ২৪ ঘণ্টা পুরো এলাকায় সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন। একই সঙ্গে দায়িত্বে নিয়োজিত বেসামরিক কর্মীদের ওপরও তদারকি বাড়ানো হয়েছে।

সার্বিক নিরাপত্তার বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর আসিফ ইকবাল জানান, বিমানবন্দরে স্বাভাবিক সময়ের মতোই নিয়মিত নিরাপত্তাব্যবস্থা বজায় থাকে, তবে বর্তমান পরিস্থিতির আলোকে তা আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় দেশের সবগুলো বিমানবন্দরেই সার্বক্ষণিক বিশেষ নিরাপত্তা বজায় রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে, দেশজুড়ে একটি গোষ্ঠী সংগঠিতভাবে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথগুলোতেও একাধিকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কেবল ঢাকায় নয়, রাজশাহী বিমানবন্দরকে ঘিরেও বড় ধরনের নাশকতার সুনির্দিষ্ট নকশা ছিল বলে দাবি গোয়েন্দাদের। সেখানে সীমানার বাইরে উচ্চক্ষমতাসম্পন্ন দুটি গ্রেনেড উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নাশকতাকারীরা মূল সীমানায় ঢোকার সুযোগ না পেয়ে সেগুলো বাইরে ফেলে রেখে কেটে পড়ে। ঘটনাটি বিমানবন্দরসংলগ্ন হওয়ায় তা বিমানবন্দরকেন্দ্রিক নিরাপত্তার বিষয়ে বড় ধরনের আলোচনার জন্ম দেয়।

গোয়েন্দারা ধারণা করছেন, দেশীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি করার উদ্দেশ্যেই বিমানবন্দরকে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হয়েছে। বিশেষ করে বিপুল ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন থার্ড টার্মিনাল দীর্ঘদিন ধরে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে এবং আগামী ১৬ ডিসেম্বর এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন। এই ঐতিহাসিক মুহূর্তের আগে যদি সেখানে কোনো ধরনের হামলা বা নাশকতা ঘটানো যায়, তবে তা দেশ-বিদেশে মারাত্মক প্রতিক্রিয়া তৈরি করবে, আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদের শিরোনাম হবে এবং দেশের সামগ্রিক নিরাপত্তার মান নিয়ে বড় প্রশ্ন উত্থাপিত হবে। এমনকি উদ্বোধনের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে—এমন ভাবনা থেকেই চক্রটি থার্ড টার্মিনালকে টার্গেট করে থাকতে পারে।

অন্যদিকে, বিমানবন্দরের ৮ নম্বর গেট বা হ্যাঙ্গার গেটটি হলো সংরক্ষিত ও অপারেশনাল এলাকা, হ্যাঙ্গার এবং কার্গো কমপ্লেক্সে প্রবেশ ও বের হওয়ার প্রধান পথ। এই পথ দিয়েই কার্গো ভিলেজ থেকে আমদানি ও রপ্তানি পণ্য খালাস করে বাইরে নেওয়া হয়। তৈরি পোশাকশিল্পের জরুরি কাঁচামাল, নিত্যপ্রয়োজনীয় ওষুধ ও পচনশীল পণ্য পরিবহন ছাড়াও বিমানের রক্ষণাবেক্ষণে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও কারিগরি সরঞ্জামাদি এই গেট দিয়ে আনা-নেওয়া করা হয়। তদুপরি কাস্টমস কর্মকর্তা, প্রকৌশলী, টেকনিশিয়ান, গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মী এবং জ্বালানি ও ক্যাটারিং সরবরাহকারী গাড়িও এই পথ ব্যবহার করে। জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স প্রবেশের ক্ষেত্রেও এটি মুখ্য ভূমিকা পালন করে। ফলে এই গেটে কোনো বিঘ্ন ঘটলে পুরো বিমানবন্দরের ফ্লাইট পরিচালনা ও আকাশপথের বাণিজ্য মারাত্মক ধাক্কা খাবে, যা খুব সহজেই বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে পারবে।

নাশকতার এই স্পষ্ট ইঙ্গিত পাওয়ার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো এলাকার নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। থার্ড টার্মিনালসংলগ্ন সড়ক এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্দিষ্ট অংশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সংবলিত সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সিভিল এভিয়েশন বা বেবিচক সদর দপ্তরের প্রধান ফটক থেকে শুরু করে ৮ নম্বর হ্যাঙ্গার গেট পর্যন্ত চলাচলকারী পথচারী ও যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। একই সাথে হ্যাঙ্গার গেট দিয়ে শাহজালালের ভেতরে নিজেদের কর্মস্থলে প্রবেশ করা কর্মীদের ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে, যাতে ভেতরের কোনো সুযোগ নিয়ে কেউ কোনো ধরনের অশুভ পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারে।