গোপালগঞ্জের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। শহরের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে, তবে জনজীবনে এখনো আতঙ্কের রেশ পুরোপুরি কাটেনি। মানুষের মধ্যে বিরাজ করছে চাপা উদ্বেগ এবং রাস্তাঘাটে স্বাভাবিক সময়ের মতো জনসমাগম দেখা যাচ্ছে না। অনেকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকছেন।
শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভাষ্যমতে, তারা নিয়মিত দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে গোপালগঞ্জ সদরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিবেদন লেখা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সদর উপজেলার লঞ্চঘাট, পুলিশ লাইন ও আশপাশের কিছু এলাকায় দোকানপাট খোলা হয়েছে। ধীরে ধীরে যানবাহন ও মানুষের চলাচলও কিছুটা বাড়ছে। তবে পুরো শহরজুড়ে একধরনের সুনসান নীরবতা বিরাজ করছে এবং স্বাভাবিক সময়ের তুলনায় সড়কে মানুষের উপস্থিতি অনেক কম।
আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যেই গোপালগঞ্জের জনজীবন ছন্দে ফেরার চেষ্টা করছে। দোকানপাট খুললেও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এখনো চোখে পড়ছে না। স্থানীয়দের মতে, শহরের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময়ের প্রয়োজন।

