১৯৮১ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নম্বর বেগুনবাড়ী ইউনিয়নের নতুনপাড়া গ্রামে প্রতিষ্ঠিত হয় নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৪৫ বছর ধরে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এই মাদ্রাসায় ১১৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে এবং তারা নিয়মিত সরকারি উপবৃত্তিও পাচ্ছে।
মাদ্রাসাটিতে বাংলা, ইংরেজি, আরবি ও বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয়। পড়াশোনার মান সন্তোষজনক হওয়ায় আশপাশের চার-পাঁচটি গ্রামের অভিভাবকরা তাদের সন্তানদের এই প্রতিষ্ঠানে ভর্তি করান। বর্তমানে সেখানে পাঁচজন শিক্ষক ও একজন অফিস সহকারী কর্মরত রয়েছেন। প্রধান শিক্ষক মো. শাহানুর আলম ও সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল আজিজ আরিফ জানান, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও তারা অত্যন্ত আন্তরিকতা ও যত্ন নিয়ে পাঠদান চালিয়ে যাচ্ছেন।
প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও ফলাফলের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর উপজেলার সেরা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার স্বীকৃতিও পেয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের তথ্যমতে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবু জাফর প্রতিষ্ঠানটি পরিদর্শন করে সার্বিক কার্যক্রমের প্রশংসা করেছিলেন। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনুষ্ঠানিকভাবে এই মাদ্রাসাটিকে উপজেলার সেরা হিসেবে ঘোষণা করেন।
এতসব অর্জন ও স্বীকৃতি সত্ত্বেও প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্তির সুযোগ পায়নি। দীর্ঘদিন ধরে বিনা বেতনে পাঠদান করা শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে দ্রুত মাদ্রাসাটিকে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। তারা এ বিষয়ে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।

