মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইড বা গণহত্যা সংঘটনের দায়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) দেশটিকে দায়ী করার পর, ক্ষতিপূরণ আদায় এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়টি এখন বাংলাদেশের বড় অগ্রাধিকার। এ বিষয়ে শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিস্তারিত তুলে ধরেন।
প্রতিমন্ত্রী জানান, আইসিজের রায় অনুযায়ী ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য বাংলাদেশ জোরালো পদক্ষেপ নেবে। এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। তিনি আরও বলেন, ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করার প্রক্রিয়াটি বেশ জটিল এবং এতে অনেকগুলো সংস্থাকে যুক্ত করার প্রয়োজনীয়তা রয়েছে।
রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে হুমায়ুন কবির জোর দিয়ে বলেন, কেবল ফেরত পাঠানোই যথেষ্ট নয়, বরং তাদের জন্য রাখাইন রাজ্যে একটি নিরাপদ পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, কালকেই রোহিঙ্গাদের ফেরত পাঠালেই সেটি নিরাপদ হবে না; বরং রাখাইনে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে তারা সেখানে গিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারে। এই লক্ষ্য অর্জনে বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে।
আইসিজে তার রায়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে ২০১৭ সালে 'ক্লিয়ারেন্স অপারেশন' পরিচালনার মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ ধ্বংস করার অভিপ্রায়ের জন্য দায়ী করেছে। ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে মিয়ানমারের নিপীড়ন থেকে বাঁচতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। গাম্বিয়ার দায়ের করা এই মামলায় সাত বছরের বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়, যেখানে ৯ জন বিচারক মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার পক্ষে মত দেন। এই রায়কে বাংলাদেশের জন্য একটি নৈতিক জয় হিসেবে দেখা হচ্ছে।
রোহিঙ্গা নিধনের ঘটনায় ২০১৯ সালের ১১ নভেম্বর আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া।সাত বছরের বিচারিক প্রক্রিয়া শেষে গতকাল বৃহস্পতিবার আইসিজে রায় দিলেন।
আর রায়ের বিপক্ষে মত দিয়েছেন ৬ জন বিচারক।

