শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্নের মান নিয়ে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশের আড়ালে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের এই আন্দোলনের পেছনে কোনো গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে বিভিন্ন ইস্যুতে পরিচয় গোপন করে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, যা বর্তমানে দৃশ্যমান। তিনি আরও দাবি করেন, যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরীক্ষার্থীদের দাবিগুলো সরকার ও শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়েছে এবং মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ হলে তাদের পরবর্তীতে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। এছাড়া পদার্থবিজ্ঞানের যে দুটি প্রশ্নে ভুল ছিল, তা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওই দুটি প্রশ্নের নম্বর যুক্ত করার ঘোষণা দেওয়ায় পরীক্ষার্থীরা সন্তুষ্ট বলেও তিনি উল্লেখ করেন। যদি কোনো শিক্ষার্থী এরপরও পরের পরীক্ষায় অংশ না নিয়ে থাকে, তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা চলার সময় তাদের সুযোগ দেওয়া হবে বলে তিনি জানান।

শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যের কারণে অনেকে দুঃখ পেয়েছেন উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, শিক্ষামন্ত্রী সংসদে তার বক্তৃতায় এজন্য দুঃখ প্রকাশ করেছেন। যারা সরকারকে বিব্রত করতে চাচ্ছে তাদের প্রতি কোনো বার্তা আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। ঢাকা ও দেশের দু-একটি জেলায় কিছু মানুষ এ নিয়ে কথা বললেও তাদের সংখ্যা খুবই নগণ্য। হয়তো গণমাধ্যমে আসার কারণে বিষয়টি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তাই সরকার এগুলোতে মনোযোগ দিচ্ছে না।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান।