মেধা ও নৈতিকতায় দুর্নীতিমুক্ত কল্যাণরাষ্ট্র গড়ার আহ্বান ছাত্রশিবিরের

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০০: ০৫। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ বিভাগের উদ্যোগে চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সংগঠনের বিভিন্ন পর্যায়ের জনশক্তিদের নিয়ে ১০ দিনব্যাপী 'প্রি-কলেজ স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং ক্যাম্প (পিসিএসডি) ২০২৬' অনুষ্ঠিত হয়েছে। ২১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত গাজীপুরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত এই ক্যাম্পটি পরিচালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল ‘সততা ও দূরদর্শিতায় ভবিষ্যৎ নেতৃত্বকে শক্তিশালী করা’।

শিবিরের পক্ষ থেকে জানানো হয়, কলেজ জীবনে প্রবেশের আগে শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক, ভাষাগত ও প্রযুক্তিগতভাবে দক্ষ করে তোলার লক্ষ্যে এই নিবিড় ক্যাম্পে প্রতিদিন ইংরেজি ও কম্পিউটারের ওপর ৪০টি ক্লাস নেওয়া হয়েছে। একাডেমিক ক্লাসের পাশাপাশি কোরআন তিলাওয়াত, বিষয়ভিত্তিক স্টাডি সেশন, মোটিভেশনাল ক্লাস এবং ইনোভেটিভ গেমসের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ক্যাম্পের সমাপনী ও বিভিন্ন সেশনে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি আত্মশুদ্ধির ওপর জোর দিয়ে বলেন, আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিগত ও একাডেমিক দক্ষতার পাশাপাশি আত্মিক পবিত্রতা ও স্রষ্টার সঙ্গে সম্পর্ক থাকা অপরিহার্য। একজন আদর্শ ভবিষ্যৎ নেতৃত্বের মধ্যে সঠিক চরিত্র এবং দিকনির্দেশনার সমন্বয় থাকা প্রয়োজন।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেন, জিপিএ-৫ অর্জন জীবনের একটি গৌরবময় মাইলফলক হলেও এটিই চূড়ান্ত গন্তব্য নয়। তিনি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয় ঘটিয়ে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সৎ ও যোগ্য নেতৃত্বের দায়িত্ব পালনের আহ্বান জানান। এছাড়া সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসাইন বলেন, বাংলাদেশের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন করা সম্ভব।