বাংলাদেশের মাটিতে কোনো পরাজিত, পতিত, পলাতক ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পুনরুত্থান হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বাংলাদেশের মাটিতে তাঁবেদার রাষ্ট্র কায়েমের জন্য যারা ষড়যন্ত্র করবে, সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র মোকাবিলা করবে। আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘন না করে আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করছে। তবে এই ধৈর্যকে দুর্বলতা মনে করার সুযোগ নেই। পরিস্থিতির উন্নতি না হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি বিদেশ থেকে টেলিফোন পেয়ে উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যারা দূর থেকে নির্দেশ দিচ্ছেন, তাঁদের দেশে এসে নেতৃত্ব দেওয়ার সাহস থাকা উচিত।
অনুষ্ঠানে মোকামতলা এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান মোকামতলা হাইস্কুল মাঠে আসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ওই দিন তিনি নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার ফলক উন্মোচন করবেন। এ ছাড়া মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার ১ হাজার ৯০০ কোটি টাকার প্রকল্পের ফলকও ওই দিন উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।
শিক্ষার্থীদের মধ্যে মগ ও গাছের চারা বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় মোট ১ লাখ ২২ হাজার বাড়ির মধ্যে প্রথম পর্যায়ে ৬২ হাজার বাড়িতে মগ পৌঁছে দেওয়া হচ্ছে। পরবর্তী বছর প্রধানমন্ত্রীর ৬৩তম জন্মদিন উপলক্ষে বাকি ৬০ হাজার বাড়িতে মগ বিতরণের পরিকল্পনা রয়েছে। প্রতিটি বাড়িতে একটি করে নিমগাছের চারা পৌঁছে দেওয়া হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি গাছের চারা পরিচর্যা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মনোযোগ দিয়ে পড়াশোনার পরামর্শ দেন।
মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, মোকামতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে আরও ৬৪ হাজার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীর মধ্যে এগুলো বিতরণ করা হবে।
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৩: ০৬আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৩: ০৮

