গণভোটের রায় বাস্তবায়িত না হলে রাজপথেই ফয়সালা হবে: ডা. ইরান

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা কেবল ক্ষমতার হাতবদল নয়, বরং অর্থবহ রাষ্ট্রীয় পরিবর্তন। তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন, আমরা জান দেব, তবুও জুলাইয়ের চেতনা বিসর্জন দেব না। শুক্রবার বিকেলে রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. ইরান বলেন, বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় কেবল সংবিধান সংশোধন নয়, বরং প্রকৃত রাষ্ট্র সংস্কার প্রয়োজন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের গণভোটের রায় যদি সংসদে বাস্তবায়িত না হয়, তবে জুলাই গণঅভ্যুত্থানের মতো দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি রাজপথেই তার ফয়সালা করবে। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতাসীনরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে বেঈমানি করেছে। ক্ষমতায় যাওয়ার স্বার্থে জুলাই সনদে স্বাক্ষর করলেও এখন তা বাস্তবায়নে অস্বীকৃতি জানাচ্ছে, যা জনগণের গণআকাঙ্ক্ষার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার শতাধিক নেতাকর্মী বাংলাদেশ লেবার পার্টিতে যোগদান করেন। এর মধ্যে ৭০ জন নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় ও মহানগর নেতারা। ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির আহ্বায়ক এ আর এম জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, অ্যাডভোকেট জোহরা খাতুন, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. আবদুর রহমান খোকন, মো. হেলাল উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক মো. মনির হোসেন খান ও মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকারসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

এছাড়া বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন, সহ-সভাপতি মো. শুভ আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ আলম পাটোয়ারী, গোলাম আজম, মো. রাজু বেপারী, ডা. ইউসুফ উল্লাহ পাটোয়ারী, উত্তর লেবার পার্টির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, মোহাম্মদ রাসেল আহমেদ, আলমগীর হোসেন এবং সদস্য মো. এনামুল হক, শফিকুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পল্টন থানা সভাপতি দেলোয়ার হোসেন রিপন, কামরাঙ্গীরচর থানা সভাপতি মোহাম্মদ আজাদ, যাত্রাবাড়ী থানার লুৎফর রহমান, কদমতলী থানার আবদুস সোবহান, শ্যামপুর থানার জুয়েল মাহমুদ এবং ছাত্র মিশনের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. রায়হান উদ্দিন সনি ও সদস্য সচিব মো. সিয়াম মোল্লাসহ স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।