দিল্লিতে সিজেপির বিক্ষোভ পণ্ড, হাজারো নেতা-কর্মী আটক

ভারতের রাজধানী দিল্লিকে ঘিরে শনিবার সকাল থেকেই এক অবরুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, শহরের বিভিন্ন সড়কে ব্যারিকেড বসানো হয়েছে এবং দোকানপাট, রেস্তোরাঁ ও অফিসগুলো বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) যন্তর মন্তর অভিমুখে ডাকা মিছিলটি পুলিশ আটকে দিয়েছে।

কেন্দ্রীয় দিল্লির যন্তর মন্তরে বড় ধরনের জমায়েতের আশা থাকলেও সেখানে মাত্র হাতেগোনা কয়েকজন বিক্ষোভকারী পৌঁছাতে পেরেছেন, যাদের পুলিশ দ্রুত সরিয়ে দিয়েছে। গ্রীষ্মের শুরুতে সিজেপির বিক্ষোভের সময় যে সড়কটি আন্দোলনকারীদের দখলে ছিল, তার দুই প্রান্তেই ব্যারিকেড বসানো হয়েছে এবং সেখানে মোতায়েন করা হয়েছে হাজার হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য। দিনভর বিপুল নিরাপত্তাকর্মী মোতায়েন থাকলেও ঘটনাস্থলে বড় কোনো তৎপরতা দেখা যায়নি।

প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল, কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়া তাদের দলের শীর্ষ পর্যায়ের অনেক নেতা ও কর্মীকেও আটক করা হয়েছে।

শহরের অন্যান্য স্থানেও সিজেপির জ্যেষ্ঠ নেতাদের আটক করা হয়েছে। এমনকি সিজেপির শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে বিমান থেকেই দিল্লি পুলিশ আটক করেছে। এছাড়া বামপন্থী নেত্রী নেহা বোরাসহ যারা দিল্লি হাট থেকে যন্তর মন্তরের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, তাদেরও পুলিশ আটকে নিয়ে গেছে।

পুলিশ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আটকের কোনো সংখ্যা প্রকাশ করেনি। তবে বিবিসি-র প্রতিবেদনে জানানো হয়েছে, এই সংখ্যা আট হাজারের বেশি। পুলিশের বাধা এড়িয়ে কনট প্লেসে পৌঁছাতে সক্ষম হওয়া এক নারী বিক্ষোভকারী বলেন, গণতন্ত্রে প্রত্যেকেরই অসন্তোষ প্রকাশের এবং বিক্ষোভ করার অধিকার রয়েছে। তিনি আরও বলেন, তারা স্বাধীনতাপূর্ব ভারতের বাসিন্দা নন এবং সরকারের কাছে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার সুযোগ দেওয়ার অনুরোধ জানান।