কাঠমান্ডুর ত্রিভুবন হাসপাতালের আশপাশের এলাকায় লাশ পচে যাওয়ার তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই ট্র্যাজেডির এক মর্মস্পর্শী চিত্র দেখা যাচ্ছে হাসপাতালের বাইরে, যেখানে অসংখ্য স্বজন তাদের প্রিয়জনের মৃতদেহের অপেক্ষায় দড়িতে ঝোলানো ছবির দিকে তাকিয়ে প্রহর গুনছেন। তবে লাশগুলো এতটাই বিকৃত হয়ে গেছে যে, তাদের শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
২৬শে আগস্টের আকস্মিক বন্যা ও ভূমিধসের এক সপ্তাহ পার হলেও চিকিৎসকদের জন্য আঙুলের ছাপ বা অন্য কোনো চিহ্ন দিয়ে পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এখন পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। কাঠমান্ডুর এই প্রধান হাসপাতালে ২রা সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ১৬১টি মৃতদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সংক্রমণ এড়াতে রাজধানী ও উত্তর-পশ্চিমাঞ্চলের ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে অস্থায়ীভাবে মৃতদেহ দাফন করা হচ্ছে। তবে ডিএনএ নমুনা সংগ্রহের পাশাপাশি দাফনের স্থানগুলোতে সাইনবোর্ড ও নম্বর ব্যবহার করা হচ্ছে, যাতে ভবিষ্যতে প্রয়োজনে মৃতদেহ উত্তোলন করা যায়। উদাহরণস্বরূপ, চিতওয়ানে মৃতদেহ দাফনের জন্য প্রায় ১ দশমিক ৫ মিটার গভীর গর্ত খোঁড়া হচ্ছে, যাতে পরে সহজেই মৃতদেহ উত্তোলন করা যায়। নুয়াকোটে অনেক পরিবার প্রিয়জনকে শেষ বিদায় জানাতে খড় দিয়ে তৈরি অবয়ব ব্যবহার করে প্রতীকী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করছে।
এদিকে একটি নির্মাণাধীন পানিবিদ্যুৎ প্রকল্পের টানেলে প্রায় এক হাজার শ্রমিকের কোনো হদিস মেলেনি। অক্সিজেন, খাদ্য ও পানির সংকটে তাদের বেঁচে থাকার আশা প্রায় ক্ষীণ হয়ে এসেছে। এই দুর্যোগকে কেন্দ্র করে নেপাল এখন ‘জলবায়ু ন্যায়বিচারের’ দাবি তুলেছে। পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, নেপাল এই বৈশ্বিক সংকটের চরম মূল্য দিচ্ছে, অথচ কার্বন নিঃসরণে দেশটির ভূমিকা নগণ্য। তিনি আন্তর্জাতিক ফোরামে এই বিষয়টি তুলে ধরার ঘোষণা দিয়ে বলেছেন, এটি কেবল ত্রাণ সহায়তার বিষয় নয়, বরং ধনী দেশগুলোর নৈতিক দায়বদ্ধতা। বৈশ্বিক উষ্ণায়নে ভূমিকা রাখা কার্বন নিঃসরণে নেপালের অবদান অত্যন্ত সামান্য। অথচ হিমবাহ গলে যাওয়া এবং এর ফলে বন্যা সৃষ্টির পেছনে বৈশ্বিক উষ্ণায়নকে একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। তুলনায় চীনের অবদান প্রায় ৩০ শতাংশ, ভারতের ৮ শতাংশ এবং অন্যান্য দেশের অবদান প্রায় ১৩ শতাংশ। নেপালের এই দাবির পক্ষে ৯টি আন্তর্জাতিক সংস্থা সমর্থন জানিয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৪/৫টি দেশ এগিয়ে এসেছে। এছাড়া, এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০টি জেলার ৩০টি এলাকায় ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে।
নেপালের অর্থ মন্ত্রণালয় আন্তর্জাতিক অংশীদারদের কাছে আনুষ্ঠানিকভাবে জলবায়ু ক্ষতিপূরণ চেয়ে চিঠি পাঠিয়েছে। মন্ত্রী খানাল পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে উল্লেখ করেন যে, হিমালয়ের হিমবাহ দ্রুত গলে যাওয়া দক্ষিণ এশীয় সভ্যতার জন্য বড় হুমকি। গঙ্গা ও ত্রিশূলীর মতো নদীর ওপর নির্ভরশীল ২০০ কোটির বেশি মানুষের পানির নিরাপত্তা রক্ষায় নেপাল আন্তর্জাতিক অঙ্গনে এই দাবি জোরালোভাবে উত্থাপন করবে।

