জাতিসংঘে ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাঁচদিনের এই সংক্ষিপ্ত সফরে তিনি অত্যন্ত ব্যস্ত সময় অতিবাহিত করবেন বলে জানা গেছে। নিউ ইয়র্কে অবস্থানকালে তিনি জাতিসংঘের সাধারণ বিতর্কে ভাষণ প্রদানের পাশাপাশি সাতটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এছাড়া জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সংকট সংক্রান্ত গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক তার কর্মসূচির অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি ওয়াল স্ট্রিট ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনারও পরিকল্পনা রয়েছে তার।

রোববার সকালে ঢাকা থেকে তার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭২৫ ফ্লাইটে সফরসঙ্গী ও সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে নিয়ে তিনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন। ইস্তাম্বুল বিমানবন্দরে দুই ঘণ্টা ৩৫ মিনিট যাত্রাবিরতির পর স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ফ্লাইটটি পুনরায় যাত্রা শুরু করে এবং বিকাল ৫টা ৫৫ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এরপর মোটর শোভাযাত্রা সহকারে তাকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক হোটেলে নিয়ে যাওয়া হয়।

প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। সকালে জাতিসংঘ মহাসচিবের আয়োজনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের জন্য আয়োজিত প্রাতঃরাশে অংশগ্রহণের মাধ্যমে তার দিনের শুরু হবে। এরপর তিনি সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বনেতাদের সঙ্গে যোগ দেবেন। সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডি জুবাইদা রহমান অংশ নেবেন।

২৩শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতঃরাশে মতবিনিময় করবেন। এছাড়া তিনি ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে ও স্পেনের আয়োজনে বৈশ্বিক বৈষম্য সংকট মোকাবিলা বিষয়ক সভায় বক্তব্য দেবেন। বিকালে জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের সভায় অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশের আয়োজনে রোহিঙ্গা সংকট বিষয়ক একটি সাইড ইভেন্টে তিনি যোগ দেবেন। সেখানে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহায়তা কামনা করবেন তিনি।

সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিলজ-এমের, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ, পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল এবং কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গে বৈঠকে বসবেন।

২৪শে সেপ্টেম্বর সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হচ্ছে। এদিন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত হুমকি মোকাবিলা বিষয়ক উচ্চপর্যায়ের সভায় তিনি উদ্বোধনী বক্তব্য দেবেন এবং জলবায়ু অর্থায়ন ও ন্যায়বিচারের পক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। এছাড়া মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য বিষয়ক সাইড ইভেন্টে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। বিকালে জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে তিনি তার প্রথম ভাষণ দেবেন, যেখানে বিশ্ব শান্তি ও বহুপক্ষীয় সহযোগিতার বিষয়গুলো উঠে আসবে।

২৫শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী অর্থনৈতিক কূটনীতিতে বিশেষ গুরুত্ব দেবেন। সকালে জেপি মরগানের সদর দপ্তরে ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে প্রাতঃরাশে অংশ নেবেন এবং বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এছাড়া ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট প্রিন্স জায়েদ আল হুসেইনের সঙ্গে সম্ভাব্য মধ্যাহ্নভোজ বৈঠক শেষে যুক্তরাষ্ট্রে বিএনপি নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে। সবশেষে ২৫শে সেপ্টেম্বর রাত ১১টায় এমিরেটসের ইকে-২০২ ফ্লাইটে তিনি দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং ২৭শে সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।