রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কার্যকর ও নির্ভরযোগ্য সহায়তার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক জাতীয় নীতি অবহিতকরণ অনুষ্ঠানে তিনি স্পষ্ট করেন যে, বাংলাদেশ অনির্দিষ্টকাল ধরে এই সংকটের বোঝা বহন করতে পারে না। ‘অনিশ্চিত প্রত্যাবর্তন : প্রত্যাবাসনের পথে বাধা নিয়ে রোহিঙ্গাদের বক্তব্য’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগ ও ক্রিমিনোলজি রিসার্চ ফোরাম।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের মূল সমাধান মিয়ানমারেই নিহিত রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত শুধু মৌখিক সমর্থনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সংকট নিরসনে বাস্তব ও কার্যকর পদক্ষেপ নিয়ে এগিয়ে আসা। তিনি উল্লেখ করেন, গবেষণায় দেখা গেছে রোহিঙ্গারা মিয়ানমারকে নিজেদের আবাসভূমি হিসেবে অস্বীকার করছে না, তবে যে পরিস্থিতির কারণে তারা পালিয়ে এসেছে, সেই একই পরিস্থিতিতে ফিরে যেতে তারা আগ্রহী নয়। প্রত্যাবাসনের রূপরেখা তৈরির ক্ষেত্রে পরিচয় ও স্বীকৃতি, জমি ও সম্পত্তির অধিকার, নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্য নিশ্চয়তার ওপর জোর দেন তিনি।
শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, প্রত্যাবাসন একটি আস্থার বিষয় এবং রোহিঙ্গারা করুণা নয়, বরং অধিকার চায়। তিনি ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণের কথা স্মরণ করিয়ে দিয়ে জানান, সেখানে টেকসই প্রত্যাবাসনের জন্য পাঁচটি জরুরি অগ্রাধিকার তুলে ধরা হয়েছিল, যার মধ্যে সহিংসতার অবসান, ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করা এবং আন্তর্দেশীয় অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। প্রতিমন্ত্রী সতর্ক করে বলেন, কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য ক্রমবর্ধমান অপরাধ ও নিরাপত্তাহীনতা ‘নতুন স্বাভাবিক পরিস্থিতি’ হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়।
অনুষ্ঠানে গবেষক দল উখিয়ার ১৭টি রোহিঙ্গা ক্যাম্পের ৮১৬ জনের ওপর চালানো জরিপ ও অংশীজনদের ৭২টি সাক্ষাৎকারের ভিত্তিতে গবেষণার ফলাফল তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অপরাধবিজ্ঞান বিভাগ আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

