রাসুলের আদর্শকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তোলার আহ্বান

আফগানিস্তানে নিযুক্ত ইরানের সাংস্কৃতিক উপদেষ্টা ড. সৈয়দ রুহুল্লাহ হোসেইনি মুসলিম বিশ্বের প্রতি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন নতুন করে পাঠ করার এবং তার শিক্ষা ও আদর্শকে বাস্তব জীবনযাপনের অবিচ্ছেদ্য অংশ করে তোলার আহ্বান জানিয়েছেন। মাজার-ই-শরিফ শহরে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও হজরত ইমাম জাফর সাদিক (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ড. হোসেইনি বলেন, মহানবী (সা.) কেবল একটি নির্দিষ্ট জাতি, ভূখণ্ড বা সময়ের জন্য প্রেরিত হননি। তিনি সমগ্র মানবজাতির জন্য রহমত, নৈতিকতা, মানবিক মর্যাদা এবং ঐক্যের অমীয় বার্তা নিয়ে এসেছেন। তার জন্মদিন পালন কেবল একটি ঐতিহাসিক ঘটনার স্মরণ নয়; বরং এটি এমন এক আলোর উদয়ের উদযাপন, যা মানবজাতিকে অজ্ঞতা, নিপীড়ন ও অন্ধকার থেকে মুক্তি দিয়ে সঠিক পথের সন্ধান দিয়েছিল।

পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, আল্লাহ তায়ালা নবীজিকে (সা.) বিশ্বজগতের জন্য রহমত হিসেবেই পাঠিয়েছেন। তাই নবীজির (সা.) মূল বার্তা হলো রহমত, তাওহিদ এবং মানবিক মর্যাদা সমুন্নত রাখা।

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ২৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৩৪