২৯ ও ৩০ নভেম্বর নতুন নাশকতার ছক, গোয়েন্দা নজরদারিতে নিষিদ্ধ দল

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ফের নাশকতার ছক কষছে বলে গোয়েন্দা তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া দলটির পলাতক নেতারা দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আগামী ২৯ ও ৩০শে নভেম্বর ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচি ঘোষণা করেছেন। গত সপ্তাহেও দলটি একই ধরনের ধর্মঘট ও লকডাউন ঘোষণা করেছিল। পলাতক নেতাদের এসব কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতার চেষ্টা চালানো হচ্ছে। কখনো নিজ দলের নেতাকর্মী, আবার কখনো ভাড়ার লোক দিয়ে বাস ও আর্থিক প্রতিষ্ঠানে আগুন দেয়া হচ্ছে। থানা, পুলিশ বক্স, এসআরবি ক্যাম্প, সিআইডি ও এসবি কার্যালয়সহ বিভিন্ন সরকারি ও প্রশাসনিক দপ্তর টার্গেট করে ককটেল ও পেট্রোল বোমা ছোড়া হচ্ছে। এসব ঘটনায় শত শত আসামি আটক হচ্ছে এবং তাদের দেয়া বয়ান ও ফোনের গ্রুপ থেকে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ২০শে নভেম্বর পর্যন্ত সারা দেশে অর্ধশতাধিক যানবাহনে অগ্নিসংযোগ এবং শতাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মামলা ও গ্রেপ্তারের তালিকা দীর্ঘ হচ্ছে। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির অভিযানে সংসদ সদস্য ও অভিনেতাসহ অন্তত ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ১২৪ জনই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্য। এছাড়া শ্যামলী মোড়ের চেকপোস্টে ৪টি তাজা ককটেলসহ মো. রাসেল নামে একজনকে এবং লালবাগ থেকে যুবলীগ ও আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে আটক করেছে আদাবর থানা পুলিশ।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর মাস জুড়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। তাদের মূল টার্গেট রাজধানী ঢাকা। তারা রাজধানীর প্রবেশপথ অবরোধ, জমায়েত ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। গোয়েন্দা তথ্যানুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ থেকে লোকজন সংগঠিত করে রাজধানীর কোনো অংশে হঠাৎ জমায়েত হয়ে ঢাকাকে কার্যত অচল বা বিচ্ছিন্ন করার পরিকল্পনা রয়েছে। এসব পরিস্থিতি মোকাবিলায় নভেম্বরের শেষ সপ্তাহ থেকে সারা দেশে ১ লাখ ৭০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিদেশে অবস্থানরত নেতাদের নির্দেশনা ও অর্থায়নে সরকারি স্থাপনা, পুলিশি স্থাপনা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে হামলার পরিকল্পনা করছে তারা। গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোন, বার্তা এবং ব্যাংকিং লেনদেন বিশ্লেষণ করে অর্থের জোগানদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্তের কাজ চলছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ডিসেম্বর মাসে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি সংঘবদ্ধ চক্র নাশকতার পরিকল্পনা করছে। নাশকতার ঘটনায় ইন্ধনদাতা ও পরিকল্পনাকারীদের কয়েকজনের নাম গোয়েন্দাদের হাতে এসেছে, যাদের কেউ বিদেশে আবার কেউ ঢাকার ভেতরে আত্মগোপনে আছেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭ই নভেম্বর রাত ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় অভিযান চালিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুন অর রশীদকে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডারসহ গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন জানিয়েছে, ঢাকাসহ মিরপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মেহেরপুরের এক পদধারী নেতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে এসব গান পাউডার সংগ্রহ করা হয়েছিল। পরবর্তীতে মিরপুর ছাত্রলীগের এক নেতার মাধ্যমে ইব্রাহিম হোসেন মুন ও যুবলীগ নেত্রী মেঘলা মিলির কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল। পুলিশ ইতিমধ্যে মুন ও মেঘলা মিলিকে গ্রেপ্তার করেছে এবং তাদের ফোন থেকে গান পাউডার আনা ও বিতরণের কথোপকথনের ভয়েস রেকর্ডসহ কার্যক্ষমতা যাচাইয়ের ভিডিও উদ্ধার করেছে। মহানগর গোয়েন্দা প্রধান জানিয়েছেন, নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন, ব্লক রেইড ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে।