বিএনপি ক্ষমতায় আছে বলেই আমি উপাচার্য হয়েছি বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এই অনুষ্ঠানের আয়োজন করে।
নিজের নিয়োগের বিষয়ে উপাচার্য বলেন, এটি লুকানোর কিছু নেই। তিনি উল্লেখ করেন যে, সেই সময় অনেক সুশীল লোকজনই ছিলেন। তিনি আরও বলেন, ৫ আগস্টের পরের পরিস্থিতি এবং মানুষের পরিচয় ও কাজ আমরা দেখেছি। নিজের পরিচয় সম্পর্কে তিনি বলেন, অবশ্যই আমার একটি পরিচয় আছে। আমি আওয়ামী লীগের সেই জুলুম সহ্য করেছি।
বর্তমান প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব বলে উল্লেখ করেন উপাচার্য। তিনি বলেন, আপনি যদি এই দেশটাকে ভালোবাসেন, তবে বর্তমান প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করতে হবে। গত ১৫-১৬ বছরের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বিগত বছরগুলোতে আমাদের বাক্স্বাধীনতা বা গণতান্ত্রিক স্বাধীনতা ছিল না। ছাত্র-জনতা ও সাধারণ মানুষের গণঅভ্যুত্থানের মাধ্যমেই আল্লাহ আমাদের সেই জালিমদের হাত থেকে মুক্তি দিয়েছেন।
দেশের সাম্প্রতিক নৈরাজ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে উপাচার্য বলেন, নড়াইলে স্বেচ্ছাসেবকের দুইজন নেতাকে পিটিয়ে মারা, এমপির বাড়ি ও হাসপাতালে অগ্নিসংযোগ এবং কারাগারে হামলার চেষ্টার মতো ঘটনাগুলো আমরা দেখছি। ১৫-১৬ বছরের ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সেজন্য সুনাগরিক হিসেবে সবাইকে প্রতিবাদ করতে হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমানের জন্য দোয়া চেয়ে উপাচার্য বলেন, যিনি নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখাচ্ছেন এবং দেশ পরিচালনা করছেন, তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। এর কোনো বিকল্প নেই।

