রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে গণহত্যা চালানোর দায়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে ‘অন্যায্য’ বলে দাবি করেছে মিয়ানমার সরকার। শুক্রবার (২০ নভেম্বর) রাজধানী নেপিদোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সো এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, তাদের দেশকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে এবং আদালতের এই সিদ্ধান্ত সর্বসম্মত নয়।
গাম্বিয়ার দায়ের করা মামলায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজে ঐতিহাসিক এই রায় প্রদান করে। মামলাটি দায়েরের সাত বছর পর আদালত প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে। নাজি হলোকাস্টের পর এটি চতুর্থ ঘটনা যেখানে আন্তর্জাতিক আদালতে গণহত্যার আইনি মানদণ্ড পূরণ হওয়ার রায় দেওয়া হয়েছে।
আদালতের রায়ে বিচারকেরা উল্লেখ করেছেন যে, মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গা পুরুষ ও ছেলেদের গণহারে হত্যা করেছে। এছাড়া রোহিঙ্গা নারীদের ওপর ব্যাপক ধর্ষণ ও যৌন সহিংসতা এবং ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানের নামে শত শত গ্রাম পুড়িয়ে দেওয়ার ঘটনাও রায়ে উঠে এসেছে। ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর রাখাইনের ইন দিন গ্রামে ১০ রোহিঙ্গা মুসলিমকে হত্যার ঘটনায় রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনের বিষয়টিও ১৯১ পৃষ্ঠার রায়ে উল্লেখ করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের ঘটনা অনুসন্ধান করতে গিয়ে রয়টার্সের দুই সাংবাদিক গ্রেফতার হন ও ৫০০ দিনের বেশি কারাবন্দি ছিলেন।
আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের জন্য ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে, যার পরিমাণ পরে নির্ধারণ করা হবে। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের সুযোগ নিশ্চিত করতে বলা হয়েছে। বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছেন। যদিও বাংলাদেশে আশ্রয় নেওয়া হাজার হাজার মানুষ এই রায়ের পর আনন্দ প্রকাশ করেছেন, তবে তারা কবে নিজ দেশে ফিরতে পারবেন তা এখনো অনিশ্চিত।
মিয়ানমারের মুখপাত্র খাইং খাইং সো অভিযোগ করেন যে, বিশ্বের প্রধান নেতারা এর আগে আইসিজের মতো ‘রাজনৈতিক সংস্থা’গুলোর বিচারিক ক্ষমতার অপব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেছেন।

