আগামীকাল ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) এক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি বিশ্বাস করি, দেশপ্রেম, সুশৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, বাংলাদেশের সংবিধান, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যগণ তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাবেন।
সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাতজন বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সব বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী শত্রুর বিরুদ্ধে যে সর্বাত্মক ও সম্মিলিত অভিযান শুরু করেছিল, তা মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করে। এই বীরত্ব ও আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তার নেতৃত্ব, দূরদর্শিতা ও উদ্যোগ স্বাধীন বাংলাদেশের আধুনিক সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি, শৃঙ্খলা ও পেশাদারিত্ব সুদৃঢ় করেছিল। তিনি আরও বলেন, সেই অগ্রযাত্রাকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাহিনীর সম্প্রসারণ এবং প্রযুক্তিগত ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বহুদূর এগিয়ে নিয়েছেন।
বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ, শক্তিশালী ও আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ চলছে। পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও বৈশ্বিক হুমকি মোকাবিলায় ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণ করে প্রতিরক্ষা পরিকল্পনা ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণ করা হচ্ছে। পরিশেষে, তিনি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের অবদানের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।

