মানিকগঞ্জে প্রবাসীসহ স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রাম থেকে এক প্রবাসী, তার স্ত্রী এবং শিশুকন্যার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে নিজ বাড়ি থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন বারাহী জান্নাকান্দি গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী একরাম মোল্লা (৪০), তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং তাদের দেড় বছরের শিশুকন্যা অ্যালিজা। স্থানীয় সূত্রে জানা যায়, একরাম মোল্লা দীর্ঘদিন প্রবাসে থাকার পর কিছুদিন আগেই দেশে ফিরেছিলেন। তবে তাদের মধ্যে কোনো পারিবারিক কলহ বা বিরোধ ছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, সৌদি প্রবাসী একরাম মোল্লা প্রথমে তার স্ত্রীকে মাথায় আঘাত করে হত্যা করেন। এরপর দেড় বছরের শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যার পর তিনি নিজেও ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তা তদন্তের পরেই নিশ্চিত হওয়া সম্ভব। বর্তমানে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।