নবনির্বাচিত রাষ্ট্রপতিকে যবিপ্রবি উপাচার্যের উষ্ণ অভিনন্দন

বাংলাদেশের নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণ করায় তাঁকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর গভীর শ্রদ্ধা, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসানও নবনিযুক্ত রাষ্ট্রপতির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।

শুক্রবার (২১ আগস্ট) এক অভিনন্দন বার্তায় যবিপ্রবি উপাচার্য বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অত্যন্ত অভিজ্ঞ, দূরদর্শী এবং দেশপ্রেমিক জননেতা। তাঁর সুদীর্ঘ রাজনৈতিক জীবন, প্রজ্ঞা এবং দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা সর্বজনবিদিত। এই সংকটময় ও উত্তরণকালীন সময়ে রাষ্ট্রপ্রধান হিসেবে তাঁর মতো একজন অভিজ্ঞ ব্যক্তিত্বের অন্তর্ভুক্তি দেশের গণতান্ত্রিক ধারাকে সুসংহত করবে এবং আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।

উপাচার্য মহোদয় আরও আশা প্রকাশ করেন যে, নবনিযুক্ত রাষ্ট্রপতির সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাত আরও গতিশীল হবে। বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক আধুনিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় তাঁর দূরদর্শী অভিভাবকত্বে এবং দিকনির্দেশনায় নতুন উচ্চতায় পৌঁছাবে। অভিনন্দন বার্তার শেষাংশে যবিপ্রবি উপাচার্য নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর কার্যকালে দেশের সর্বাঙ্গীন কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।