জামায়াতে ইসলামীর নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিবাদ জানান।
ডা. শফিকুর রহমান অবিলম্বে মেজর (অব.) আখতারুজ্জামানকে মুক্তি দেওয়ার দাবি জানান এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে সাজানো বলে অভিহিত করেন। তিনি স্পষ্ট করে বলেন, আখতারুজ্জামান কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিমানবন্দরের পরিস্থিতি নিয়ে জামায়াত আমির বলেন, বিমানবন্দরে বিদ্যমান অনিয়ম ও অব্যবস্থাপনার জের ধরেই দুজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। তিনি আরও বলেন, আখতারুজ্জামান শুধুমাত্র যাত্রী হয়রানি, প্রবাস থেকে ফেরত বাংলাদেশিদের প্রতি উপেক্ষা এবং তাদের সঙ্গে করা অন্যায্য আচরণের প্রতিবাদ করেছিলেন। তার ভাষা কি ছিল সেটা দেখুন। তিনি যে বিষয়ে প্রতিবাদ করেছেন, তার ভুক্তভোগী সাক্ষী বিমানবন্দরের উপস্থিত যাত্রীরাই।
সরকারের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও অসঙ্গতিকে চাপা দেওয়ার উদ্দেশ্যে যদি এই হয়রানিমূলক গ্রেপ্তার করা হয়ে থাকে, তবে তা একটি অশনি সংকেত। তিনি সতর্ক করে বলেন, ভুক্তভোগী জনগণ সরকারের এই পদক্ষেপ কোনোভাবেই মেনে নেবে না।
উল্লেখ্য যে, সরকারি কাজে বাধা দেওয়া এবং মারধরের অভিযোগে শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্টের নিজ বাসা থেকে পুলিশ জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে।

