হামিংবার্ডের পালকে ৮০ বছরের দূষণের গল্প

একদিন বিজ্ঞানীদের হাতে এল ছোট্ট একটি পাখির পালক। দেখতে একেবারেই সাধারণ হলেও বিজ্ঞানীরা জানতেন, এই ছোট্ট পালকের ভেতর লুকিয়ে থাকতে পারে অনেক পুরোনো গল্প। বাতাসে একসময় কতটা দূষণ ছিল, মাটিতে কী ধরনের বিষাক্ত পদার্থ জমেছিল, এমনকি দূরের কোনো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত পরিবেশে কী প্রভাব ফেলেছিল—এসবের কিছু চিহ্নও নাকি পাওয়া যেতে পারে একটি পালকে।

মেক্সিকোর একদল গবেষক এই ছোট্ট পাখির পালক পরীক্ষা করে প্রায় ৮০ বছরের পরিবেশের ইতিহাস জানার চেষ্টা করেছেন। তাদের হাতে ছিল ১৯৩২ থেকে ২০১২ সাল পর্যন্ত সংরক্ষণ করে রাখা হামিংবার্ডের নমুনা। অর্থাৎ, প্রায় ৮০ বছরের পুরোনো এক প্রাকৃতিক নথি যেন তাদের সামনে।

হামিংবার্ড দেখতে ছোট হলেও তার জীবন বেশ চমকপ্রদ। ফুলের সামনে তারা এমনভাবে উড়তে পারে যে মনে হয় বাতাসে স্থির হয়ে আছে। এ জন্য তাদের খুব দ্রুত ডানা ঝাপটাতে হয়। তবে তাদের পালক শুধু উড়তে সাহায্য করে না, পরিবেশের গল্পও ধরে রাখতে পারে।

হামিংবার্ড জীবনে কয়েকবার পালক বদলায়। নতুন পালক যখন শরীরে গজায়, তখন সেখানে রক্তের মাধ্যমে পুষ্টি পৌঁছায়। শরীরে থাকা কিছু রাসায়নিক পদার্থও সেই সময় পালকে জমা হতে পারে। পরিবেশে যদি সিসা, পারদ বা আর্সেনিকের মতো ভারী ধাতু থাকে, সেগুলোর কিছু অংশও পালকে জমা হতে পারে।

পালক পুরোপুরি গজিয়ে গেলে সেখানে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। ফলে পালকে জমে থাকা এসব রাসায়নিক চিহ্ন অনেকটা সময় ধরে থেকে যেতে পারে। পালক তৈরি হয় কেরাটিন নামের শক্ত প্রোটিন দিয়ে। এই কেরাটিন ভারী ধাতুর মতো কিছু পদার্থ ধরে রাখতে পারে। তাই অনেক বছর আগে সংরক্ষণ করা একটি পাখির পালকও বিজ্ঞানীদের বলতে পারে—সেই সময় পরিবেশে কী ঘটছিল।