জরিমানা ছাড়া লাইসেন্স ও ফিটনেস নবায়নের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত

মোটরযানের যাবতীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোটরযান মালিক ও চালকরা নির্ধারিত এই সময়ের মধ্যে মূল কর ও ফি জমা দেওয়ার মাধ্যমে তাদের প্রয়োজনীয় সব কাগজপত্র হালনাগাদ করতে পারবেন। এই সুবিধার আওতায় ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন এবং রুট পারমিট অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে ড্রাইভিং লাইসেন্সও কোনো প্রকার জরিমানা ছাড়াই হালনাগাদ করার সুযোগ থাকছে।

বিআরটিএ কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, গ্রাহকদের জন্য এটিই শেষবারের মতো এই সুযোগ দেওয়া হচ্ছে। তাই নির্ধারিত ২৯ অক্টোবরের মধ্যে মোটরযানের প্রয়োজনীয় সব নথিপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।