বৃক্ষমেলায় রেকর্ড ১৬ লাখ গাছের চারা বিক্রি: পরিবেশমন্ত্রী

মাসব্যাপী আয়োজিত ‘জাতীয় বৃক্ষমেলা ২০২৬’-এ রেকর্ড প্রায় ১৬ লাখ গাছের চারা বিক্রি হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদফতরে আয়োজিত মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এই তথ্য তুলে ধরেন।

মন্ত্রী জানান, এবারের বৃক্ষমেলায় মোট ৭৪টি নার্সারি অংশগ্রহণ করেছিল। মেলায় দেশের মানুষের অভূতপূর্ব সাড়ায় আমরা অভিভূত। তিনি আরও বলেন, বন অধিদফতর সামাজিক বনায়নের মাধ্যমে সবুজায়নের কাজ পরিচালনা করছে।

জলবায়ুর বিরূপ পরিস্থিতি এবং পরিবেশগত তাৎপর্যের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বৃক্ষমেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেলা আজ শেষ হলেও আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি, বরং আসল কাজ মাত্র শুরু হলো। মেলা থেকে কিনে নেওয়া চারাগুলো সময়মতো রোপণ এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এসময় তিনি দেশকে জলবায়ু সহনশীল ও সবুজ নিরাপদ করে গড়ে তোলার জন্য সকলের প্রতি অঙ্গীকার করার আহ্বান জানান।

আবদুল আউয়াল মিন্টু দেশের পরিবেশগত ইতিহাসের প্রসঙ্গ টেনে বলেন, শহিদ জিয়া দেশে প্রথম সবুজায়ন প্রকল্প চালু করেছিলেন এবং পরিবেশ ও প্রকৃতিকে বাঁচিয়ে রাখার শিক্ষা দিয়েছিলেন। এছাড়া জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৩ জুন কক্সবাজারে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার কার্যক্রম শুরু করেছেন বলেও তিনি উল্লেখ করেন।