শেখ হাসিনা ও শামীম ওসমানকে নিয়ে শফিকুল আলমের ফেসবুক রসিকতা

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস সচিব এবং বর্তমানে ইংরেজি দৈনিক ‘ডেইলি ওয়াদা’র সম্পাদক শফিকুল আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক রসিকতামূলক পোস্ট শেয়ার করেছেন। শনিবার (২১ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি মজার কাল্পনিক ‘কথোপকথন’ তুলে ধরেন।

শফিকুল আলমের প্রকাশিত সেই পোস্টে শেখ হাসিনা ও শামীম ওসমানের মধ্যে এক রসিকতাপূর্ণ কথোপকথন ফুটিয়ে তোলা হয়। সেখানে ‘আপা’ চরিত্রে শেখ হাসিনা শামীম ওসমানকে আগামী ডিসেম্বরে তার সঙ্গে দেশে ফেরার প্রস্তাব দিয়ে বলেন, "আমি চাচ্ছি তুমি আমার সাথে ডিসেম্বরে ফিরবে!! আমরা একসাথে খাবো, বিশ্রাম করব আর খেলবো!!" জবাবে শামীম ওসমান বলেন, "অবশ্যই ফিরবো ও খেলবো, আপা!! কিন্তু আমার তো স্টেজ ফোর ক্যানসার। আমি সুস্থ হয়ে নেই তারপর ফিরবো!!" শেখ হাসিনা আগে কেন জানাননি জিজ্ঞেস করলে শামীম উত্তর দেন, "আপনি ডিসেম্বর নিয়ে ব্যস্ত ছিলেন!!"

কথোপকথনে এরপর শেখ হাসিনা ইচ্ছে প্রকাশ করে বলেন, "আমার খুব ইচ্ছা আমরা দুই ভাই-বোন বাকি জীবনটা একসাথে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় থাকবো। আর মাঝেমধ্যে নারায়ণগঞ্জ বেড়াতে যাবো!!" শামীম ওসমান জানান, তার হৃদয় সবসময় গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জে আছে এবং থাকবে, তবে তিনি তার আগে নিউইয়র্কে চিকিৎসা নিতে চান। এতে শেখ হাসিনা জানতে চান, ডিসেম্বরে তিনি তবে কার সঙ্গে দেশে ফিরবেন। জবাবে শামীম একে একে শেখ সেলিম, শেখ হেলাল, শেখ তাপস, শেখ পরশ, শেখ জুয়েল, শেখ তন্ময় ও শেখ গোপালের নাম প্রস্তাব করেন।

তখন শেখ হাসিনা বলেন, "তুমি খালি শেখদের নাম বললা!! কিন্তু ওরা তো বলছে গোপালগঞ্জে ফেরাটা ঠিক হবে না!! ওরা আরও কিছুদিন ভারতে থাকবে!! ওরা বলছে আমার যাওয়ার পর ওরা আসবে!!" শামীম তখন ওবায়দুল কাদের ও নানকের নাম নেওয়ার কথা বললে শেখ হাসিনা উত্তর দেন, "কাদের তো ছবি তোলায় ব্যস্ত!! আর কী সব ‘ম্যান ইজ মরটাল’ মার্কা ফেসবুক পোস্ট দেয়!! নানক পুরাই তাল!!" সবশেষে শামীম ওসমান তাকে নবনীতা ও সুবীর ভৌমিককে নিয়ে ফেরার পরামর্শ দিয়ে বলেন, "বাকিটা পরে দেখবো!!"

উল্লেখ্য, চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ৫ আগস্ট সামরিক হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরবর্তীতে আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেন। অন্যদিকে পতনের পর গোপনে দেশত্যাগ করেন ‘খেলা হবে’ ডায়লগের জন্মদাতা শামীম ওসমান। বর্তমানে তিনি দুবাইতে আছেন এবং তিনি চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত বলে গুঞ্জন রয়েছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম বর্তমানে ইংরেজি দৈনিক ‘ডেইলি ওয়াদা’র সম্পাদকের পদে দায়িত্বরত আছেন।