বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীকে একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে সেনাবাহিনীকে আধুনিকায়নের ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি আরও বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতীক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতীক। তাঁর হাতে গড়া আধুনিক সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশাপাশি তাঁর সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং তাঁদের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানও সেনাবাহিনীকে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ করে যাচ্ছেন।
৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, সিপাহী-জনতার ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহীরা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসে জনগণের সঙ্গে একাত্ম হয়েছিলেন। এই দিনটিই বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্র, অসংখ্য টেলিভিশন চ্যানেল এবং মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছে। এক্ষেত্রে সশস্ত্র বাহিনী ও জনগণের অবদান অপরিসীম।
তিনি আরও বলেন, যারা অন্যের পদতলে আত্মসমর্পণ করে ও ক্রীতদাসের মতো কাজ করে, তাদের মনে রাখা উচিত—এ দেশের মানুষ স্বাধীনতাকামী। স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে জনগণের নিজস্ব আকাঙ্ক্ষা রয়েছে। যারা এই আকাঙ্ক্ষাকে দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী দিবস ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান আজ একাকার হয়ে গেছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো এই দিনে জিয়াউর রহমানকে স্মরণ ও শ্রদ্ধা জানাচ্ছে কারণ তিনি একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন।
র্যালিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, সদস্য সচিব এস এম জাহাঙ্গীর, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, সহসভাপতি জিয়াউর রহমান জিয়া ও কামাল আনোয়ার আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য এবিএম মহসিন বিশ্বাস এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

