নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার পূর্বনির্ধারিত সফরসূচি পরিবর্তন করে দুই দিন আগেই দেশে ফিরছেন। সংসদ সচিবালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বৃহস্পতিবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে। তিনি আগামীকাল শুক্রবার দুপুরে ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে।

সূত্রটি জানিয়েছে, স্পিকারের ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিল, তবে সেই সময়সূচি এগিয়ে আনা হয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আগামীকাল দুপুর ১২টা ৪০ মিনিটে স্পিকারের ঢাকায় অবতরণের কথা রয়েছে। চিকিৎসার উদ্দেশ্যে তিনি গত ১৯ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়েছিলেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে স্পিকারের হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এছাড়া রাষ্ট্রপতি পদত্যাগ করলে তার পদত্যাগপত্র স্পিকারের কাছেই জমা দিতে হয়। সংবিধান অনুযায়ী, পদত্যাগের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত চলমান আলোচনার বিষয়ে জানতে চাওয়া হলে মন্ত্রিসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, "শুক্রবার পর্যন্ত অপেক্ষা করেন।"