নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সভাপতি সোলাইমান হোসেন হাসিবসহ ১৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কালো পতাকা হাতে ঝটিকা মিছিল এবং নাশকতার চেষ্টার অভিযোগে শনিবার এই মামলাটি করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।
পূর্বধলা থানার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারায় এই মামলাটি করেন। পুলিশ জানায়, গত শুক্রবার (২১ আগস্ট) ভোরে উপজেলার বৈরাটী ইউনিয়নের বোলাম এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এই ঝটিকা মিছিলটি বের করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলটির ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, অর্ধশতাধিক ব্যক্তি কালো পতাকা ও ব্যানার নিয়ে মিছিলে অংশ নিচ্ছেন এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন হাসিব এতে নেতৃত্ব দিচ্ছেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সকাল ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কালো পতাকা বাঁধা ১০টি বাঁশের লাঠি ও চারটি কাঠের লাঠি জব্দ করে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ভিডিও ফুটেজ এবং স্থানীয় তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করা হয়েছে। মামলায় উপজেলা সভাপতি সোলায়মান হোসেন হাসিব ও সাংগঠনিক সম্পাদক মামুন মিয়াসহ সংশ্লিষ্টদের আসামি করা হয়েছে। বর্তমানে আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।

