মেধাবীদের সঠিক মূল্যায়নে ভবিষ্যৎ প্রজন্ম সুফল পাবে: প্রধানমন্ত্রী

দেশের মেধাবী ও যোগ্যতাসম্পন্ন তরুণদের সঠিকভাবে মূল্যায়ন ও উৎসাহিত করা গেলে তার সুফল পুরো ভবিষ্যৎ প্রজন্ম পাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে সরকারপ্রধান এ কথা বলেন।

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা যে পুরস্কার অর্জন করেছেন, তা শুধু আপনাদের নয়, বরং এটি বাংলাদেশের সকল মুসলমানের অর্জন। তিনি আরও বলেন, দেশের সন্তানরা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে যা কিছু ভালো অর্জন করবে, সরকার রাষ্ট্রীয় অবস্থান থেকে সেটির স্বীকৃতি দেওয়ার নীতি গ্রহণ করেছে। সরকার গঠনের শুরু থেকেই মেধাবীদের উৎসাহিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী এই হাফেজদের সংবর্ধনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে পুরস্কার বিজয়ী মাদরাসার শিক্ষকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে তা সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রেও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

দেশের শান্তি প্রতিষ্ঠা ও ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, কাজের ধরন ভিন্ন হলেও লক্ষ্য সবার অভিন্ন। তিনি বলেন, আমরা চাই আমাদের ছেলেমেয়েরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে আনুক এবং মানুষ যেন শান্তিতে ও সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারে, সেটাই সরকারের মূল লক্ষ্য।

এ সময় প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে উপহার হিসেবে বই তুলে দেন। এর আগে তিনি বিজয়ীদের কণ্ঠে প্রতিযোগিতায় বিজয়ী সূরার তিলাওয়াত শোনেন। উল্লেখ্য, গত আগস্টে সৌদি আরবের ওই প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের হাফেজ মোহাম্মদ জাকারিয়া ১৫ পারা হিফজ, তাজবীদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া ৩০ পারা হিফজ বিভাগে হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী তৃতীয় স্থান লাভ করেন। নারীদের বিভাগে হাফেজা রাবেতা বিনতে রমজান ১৫ পারা এবং হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ ৩০ পারা হিফজ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন। অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।