শীতের আগমনের সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকার বাতাসে দূষণের মাত্রা বেড়েই চলেছে। আজও ঢাকার বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সময়ে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে থাকা পাকিস্তানের লাহোরের বাতাস রয়েছে ‘দুর্যোগপূর্ণ’ অবস্থায়।
আইকিউএয়ার থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার বাতাসের মান স্কোর ১৫৫। এই স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। বায়ুদূষণের এই মাত্রায় বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকা বর্তমানে ৯ নম্বরে অবস্থান করছে।
তালিকায় ২৭২ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২০৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভারতের রাজধানী দিল্লি, ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে ভারতের মুম্বাই এবং ১৭৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের হানোই।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, তা সম্পর্কে মানুষকে ধারণা দেয় এবং স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করে। সংস্থাটির মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর হলে বায়ুর মান ‘ভালো’ এবং ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান ‘মাঝারি’ বা ‘সহনীয়’ ধরা হয়। এছাড়া ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

