গভীর সমুদ্রে ট্রলিং ঠেকাতে ইংল্যান্ড উপকূলে বিশাল পাথর ফেলল গ্রিনপিস

সমুদ্রের তলদেশে ক্ষতিকর ‘বটম ট্রলিং’ বা ভারী জাল ফেলে মাছ ধরা বন্ধ করতে অনন্য এক পদক্ষেপ নিয়েছে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস। সামুদ্রিক জীববৈচিত্র্য সুরক্ষায় শেষ উপায় হিসেবে ইংল্যান্ডের পূর্ব উপকূলসংলগ্ন সাউদার্ন নর্থ সি মেরিন প্রটেক্টেড এলাকায় সংস্থাটি ৯টি বিশাল পাথর ফেলেছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গৃহীত এই পদক্ষেপের মাধ্যমে সেখানকার প্রায় ১১৬ বর্গকিলোমিটার এলাকা বটম ট্রলিংমুক্ত করার দাবি জানিয়েছে তারা।

বটম ট্রলিং প্রক্রিয়ায় সমুদ্রের তলদেশ সেচে মাছ সংগ্রহ করা হয়, যা পানির নিচে থাকা উদ্ভিদ ও প্রজাতিগুলোর মারাত্মক ক্ষতি করে। এর ফলে সমুদ্রের বহু প্রজাতির মাছ খাদ্যসংকটে পড়ে। পাশাপাশি ট্রলিংয়ের কারণে তৈরি হওয়া শব্দদূষণ ডলফিন বা হাঙরের মতো দেখতে পারপয়েস জাতীয় সামুদ্রিক প্রাণীর শিকার করার স্বাভাবিক ক্ষমতা নষ্ট করে দেয়। সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় বছরজুড়ে রাজনীতিকদের সঙ্গে সভা-সমাবেশ করেও অগ্রগতি ধীরগতির হওয়ায় শেষ পর্যন্ত গ্রিনপিস সরাসরি সমুদ্রে পাথর ফেলার এই সিদ্ধান্ত নেয়।

গ্রিনপিসের ফেলা প্রতিটি পাথরের ওজন প্রায় ২ টন। এসব পাথর ফেলার পরপরই সংস্থাটি সেগুলোর সঠিক অবস্থান ও প্রয়োজনীয় তথ্য কর্তৃপক্ষের কাছে পাঠায়, যাতে সামুদ্রিক মানচিত্র হালনাগাদ করে অন্য জাহাজগুলোকে সতর্ক করা সম্ভব হয়। পরিবেশবাদীদের দেওয়া তথ্যের ভিত্তিতে যুক্তরাজ্যের মেরিন ম্যানেজমেন্ট অর্গানাইজেশন ইতিমধ্যে পাথরগুলোর সুনির্দিষ্ট অবস্থানের বিবরণ প্রকাশ করেছে। এর আগেও ২০২২ সালে একই উদ্দেশ্যে কর্নওয়াল উপকূলে ১৮টি বিশাল পাথর ফেলেছিল গ্রিনপিস।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের পরিবেশ, খাদ্য ও পল্লিবিষয়ক মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, দেশের সামুদ্রিক পরিবেশ রক্ষায় কঠোর আইন বলবৎ রয়েছে এবং সমুদ্রের সব ধরনের ব্যবহার আইন অনুযায়ী সম্পন্ন হওয়া উচিত। সমুদ্র ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার ইতিমধ্যে দেশের ১০০টিরও বেশি স্থানে ক্ষতিকর পদ্ধতিতে মাছ ধরা নিষিদ্ধ করেছে এবং এসংক্রান্ত বিধিনিষেধ আরও কঠোর করার পরিকল্পনা করছে।