নতুন কুঁড়ি স্পোর্টস: বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোমবার (২৭ জুলাই ২০২৬) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে বিজয়ী খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

অনুষ্ঠানে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী আর্মি স্টেডিয়ামের পুরো মাঠ প্রদক্ষিণ করেন এবং গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোরদের শুভেচ্ছার জবাব দেন। তিনি দর্শক সারিতে গিয়ে শিশুদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় ও হাত মেলান, যা স্কুলশিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

প্রধানমন্ত্রী মাঠে বসে বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা উপভোগ করেন। খেলা শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া স্কুলশিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ ডিসপ্লেও উপভোগ করেন তিনি।

‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ স্লোগানকে সামনে রেখে গত ২ মে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’ শুরু হয়েছিল। এবারের আসরের প্রতিপাদ্য ছিল, ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’। সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক পর্বের উদ্বোধনের মাধ্যমে এই প্রতিযোগিতার যাত্রা শুরু হয়। উপজেলা ও জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। পরবর্তীতে প্রতিভা বাছাইয়ের মাধ্যমে জাতীয় পর্বের এই চূড়ান্ত প্রতিযোগিতা আয়োজন করা হয়।